ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির আহবায়ক ফেরদৌস আহমদ কোরেশী স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালকে নিজের 'বন্ধু' বলে দাবি করলেও উপদেষ্টা তা অস্বীকার করেছেন।
ফেরদৌস আহমেদ কোরেশী বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে সচিবালয়ে তার কক্ষে সাক্ষাৎ করেন। তাদের সাক্ষাৎ প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।
সাক্ষাতের পর কোরেশী সাংবাদিকদের বলেন, "উপদেষ্টা আমার বন্ধু। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম।"
তিনি বলেন, "এখন থেকে পর্যায়ক্রমে সব উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবো।"
আনোয়ারুল ইকবালের সঙ্গে তার কোনো রাজনৈতিক আলোচনা হয়নি বলে কোরেশী উল্লেখ করেন।
কিন্তু কোরেশী চলে যাবার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনোয়ারুল ইকবাল বলেন, "কোরেশী আমার বন্ধু নন।"
তিনি এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এমএআর/এসকে/১৮৩০ঘ.
bdnews24