রাজশাহী, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের পচামাড়িয়ায় বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে জরিনা নামে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন অন্তত ২৫ জন।
পচামাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সাধনপুর থেকে রাজশাহীগামী বিলাসী পরিবহনের একটি বাস পচামাড়িয়ার যষোপাড়ায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই বাসের ভেতর থেকে জরিনার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
দুর্ঘটনায় আহতদের মধ্যে জরিনার স্বামী আব্দুল (৬০), ওসমান (৭০), দুলাল (৪৫), খোরশেদ (৩৫), মমতাজ (৪২), নাসের আলী (৬০) ও মফিজকে (৩৫) পুঠিয়া ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের পচামাড়িয়া স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
রাজশাহী ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তা ওহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস থেকে জরিনা ছাড়া আর কারো লাশ পাওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬১৬ ঘ.
bdnews24