বরিশাল, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামে ডাকাত দলের গুলিতে বৃহস্পতিবার ভোর রাতে একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।
গুলিবিদ্ধ আকরাম হোসেন (৩২), তার মা ফিরোজা বেগম (৭০), বোন রেনু বেগম (৩৫), ভাগ্নে সানি (১৯) ও শ্যালক সোহাগ রহমানকে (১৮) সকালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঠবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাড়ির মালিক আকরাম হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেনটিলেটর ভেঙে ডাকাতদলের এক সদস্য ভিতরে ঢোকার পর তাকে ধরে ফেলা হয়। এ সময় তার চিৎকারে দলের অন্য সদস্যরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে।
তারা এলোপাতাড়ি গুলি ছুড়লে আহত হন বাড়ির পাঁচ সদস্য।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৪০২ ঘ.
bdnews24