সিরাজগঞ্জ, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের ফুলজোর নদীর তলদেশ দিয়ে যাওয়া পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির প্রধান পাইপ লাইনের বিকল্প আর একটি পাইপের মাধ্যমে প্রায় দুই সপ্তাহ পর পাবনা ও বগুড়ায় আবার গ্যাস সরবরাহ শুরু হচ্ছে।
কোম্পানির কর্মকর্তারা বলছেন, এর ফলে বৃহস্পতিবার বিকেল থেকে সচল হবে বাঘাবাড়ীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ পাবনা, বেড়া, সাথিয়া, ঈশ্বরদী, উল্লাপাড়া ও শাহজাদপুরের দুই শতাধিক শিল্পকারখানা।
গত ২ আগস্ট সিরাজগঞ্জের নলকায় ফুলজোর নদীর তলদেশ দিয়ে যাওয়া পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির প্রধান পাইপ লাইনে তীব্র স্রোতের কারণে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পর থেকে পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির উপ মহা ব্যবস্থাপক (প্ল্যানিং) মো আনিছুল হক বৃহস্পতিবার দুপুর ২টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির উদ্যোগে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) কোম্পানি জরুরিভিত্তিতে বিকল্প পাইপ লাইন বসিয়েছে। মূল পাইপ লাইন থেকে এ লাইনের মাধ্যমে আজ বিকেল ৫টার দিকে পাবনা, ঈশ্বরদী ও বাঘাবাড়ী অঞ্চলে গ্যাস সরবরাহ শুরু হবে।"
অবশ্য বৃহস্পতিবার সকালে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, পাবনা কার্যালয়ের ব্যবস্থাপক শৈলজানন্দ বসাক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, "গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) কর্মকর্তাদের চেষ্টায় মাত্র ১৪ দিনের মাথায় পাইপ লাইন মেরামত করা গেছে। এরপর বৃহস্পতিবার সকাল ৯টায় পাইপ লাইন দিয়ে আবার গ্যাস সরবরাহ শুরু হয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬৩৫ ঘ.
bdnews24