কুমিল্লা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৈনিক যুগান্তর সম্পাদক গোলাম সারওয়ার ও প্রকাশক সালমা ইসলামের বিরুদ্ধে একটি মানহানির মামলায় আদালতে হাজির হওয়ার সমন জারি করেছে কুমিল্লার একটি আদালত।
বুধবার ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালত এ সমন জারি করে। তাদের দুজনকে আগামী ২৬ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের ২১ এপ্রিল দৈনিক যুগান্তর পত্রিকায় 'মুরাদনগরে বিভীষিকার আরেক নাম কায়কোবাদ' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুরাদনগর হাইস্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলামকে চাঁদাবাজ হিসাবে চিহ্নিত করা হয়।
সংবাদ প্রকাশের পরদিনই মফিজুল ইসলাম বাদি হয়ে কুমিল্লার ৪ নম্বার আমলি আদালতে যুগান্তর সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
তখন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ওই অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন বাদির পক্ষে আসায় বুধবার ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান এ সমন জারি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৭ ঘ.
bdnews24