২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন দাবিতে চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন ও ওভারটাইম ভাতা পরিশোধের দাবিতে সহস্রাধিক শ্রমিক বুধবার নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার শিরীন গার্মেন্টসে ভাঙচুর চালায়। এক পর্যায়ে শ্রমিকরা গার্মেন্টসের সামনের রাস্তা অবরোধ করলে ষোলশহর থেকে অক্সিজেন এলাকা পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

চট্টগ্রাম, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ওভারটাইম ভাতা পরিশোধের দাবিতে সহস্রাধিক শ্রমিক বুধবার নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার শিরীন গার্মেন্টসে ভাঙচুর চালায়। এক পর্যায়ে শ্রমিকরা গার্মেন্টসের সামনের রাস্তা অবরোধ করলে ষোলশহর থেকে অক্সিজেন এলাকা পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরের মধ্যে বকেয়া বেতন ও ওভার টাইমের টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সন্ধ্যায় গার্মেন্টস এলাকা ত্যাগ করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচ মাসের বেতন ও ওভারটাইম ভাতার দাবিতে ক্রাউন গ্র"প অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন শিরিন গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক বিকাল সাড়ে তিনটার দিকে কারখানায় ভাংচুর শুরু করে। এক পর্যায়ে তারা বায়েজীদ বোস্তামী সড়কে অবরোধ তৈরি করে। পরে কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও ওভার টাইমের টাকা দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ বিকেল সাড়ে পাঁচটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। তিনি জানান, পুলিশ প্রশাসনের ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের আলোচনার পর বৃহস্পতিবার দুপুরে শ্রমিকদের বকেয়া এক মাসের বেতন ও পাঁচ মাসের ওভারটাইম পরিশোধের সিদ্ধান্ত হয়। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা এলাকা ত্যাগ করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা কোনো মামলা করা হয়নি বলে তিনি জানান। স্থানীয় সূত্র জানায়, ষোলশহর দুই নম্বর গেট ও অক্সিজেন সড়কে শ্রমিকদের প্রায় দুই ঘণ্টার অবরোধের পর রাত ৮টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/এসএনডি/২২১২ ঘ.