ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কামাউড়া এলাকায় বুধবার বাস-ট্রাক-টেম্পোর ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরবের চন্ডিবের গ্রামের লিটন মিয়া (২৮), একই জেলার কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রামের রমনী মোহন রায় (৭০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পুর্ব ইউনিয়নের মনপুরা গ্রামের মো. নাসির মিয়া (৬৫) এবং ও সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের সামাদ (৬০)।
খাটিহাতা মহাসড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী তাজ পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও -টেম্পোকে ধাক্কা দেয়। এতে তিনটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘনায় লিটন মিয়া, রমনী মোহন ও নাসির ঘটনাস্থলেই মারা যান বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। সামাদের মৃত্যু হয় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তির পর।
দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে জানিয়ে মনিরুজ্জামান বলেন, "গুরুতর আহত ১৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।"
লাশ চারটি সদর হাসপাতাল মর্গে রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫২৬ ঘ.
bdnews24