ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৩২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ বাণী দিয়েছেন।
বাণীতে তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে শেখ মুজিবকে 'মহান নেতা' হিসেবে উল্লেখ করে বলেন, "শেখ মুজিবুর রহমান নামটি বাংলাদেশের জন্য এক অবিস্মরণীয় নাম। বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এই মহান নেতার অবদান অপরিসীম। জাতি তাঁর অবদানের কথা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। অন্যায়-অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোষহীন সংগ্রাম বিশ্বের নির্যাতিত মানুষকে অনুপ্রাণিত করেছে।"
প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, "বাংলাদেশের জাতীয় জীবনে বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান চিরস্মরণীয় নাম। তিনি জাতির আকাশে দেদীপ্যমান উজ্জ্বল নক্ষত্র। ঔপনিবেশিক ও নব্য-ঔপনিবেশিক শোষণ, অন্যায় ও অনাচারের বিরুদ্ধে তিনি আজীবন আপোষহীন লড়াই করে গেছেন। বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের আবির্ভাব ও মহান সংগ্রামে তিনি ছিলেন পথিকৃৎ-এক নতুন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে পৃথিবীর সংগ্রামী মানুষের জন্য তিনি ছিলেন আদর্শবোধ ও অনুপ্রেরণার এক কালজয়ী উৎস।"
তিনি আরও বলেন, "আজ জাতির সামনে এসেছে এক ঐতিহাসিক সুযোগ-ব্যক্তিগত ও দলীয় হীন ভেদবুদ্ধি, স্বার্থচিন্তা এবং সংঘাত পরিহার করে দেশপ্রেমের মহান মন্ত্রে উজ্জীবিত হয়ে সত্যিকারের অর্থবহ গণতন্ত্র এবং অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাবার।"
প্রধান উপদেষ্টা তার বাণীতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহ্বান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৩৩৬ ঘ.
bdnews24