ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে বুধবার রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার।
দেশে জরুরি অবস্থা বলবৎ থাকায় আওয়ামী লীগকে দিনটি সীমিতভাবে পালনের অনুমতি দেওয়া হলেও রাজধানীতে প্রায় চার হাজার পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, "রাজধানীতে নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।"
আওয়ামী লীগকে যেসব কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়া, দোয়া মাহফিল ও মোনাজাত এবং বনানী কবরস্থানে মিলাদ ও মোনাজাত। এছাড়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে আওয়ামী লীগ।
নাঈম আহমেদ জানান, এসব কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে চলতে পারে সেজন্য ধানমণ্ডি ৩২ নম্বর ঘিরে বুধবকার ভোর সাড়ে ৫টা থেকে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। ২৭ নম্বর রোডের পূর্ব প্রান্ত থেকে কলাবাগান হয়ে ধানমণ্ডি ১৫ নম্বর দিয়ে ২৭ নম্বর রোডের পশ্চিম প্রান্ত পর্যন্ত পুরো এলাকা থাকবে পুলিশের নিয়ন্ত্রণে।
৩২ নম্বরে ঢুকতে বেশ কয়েকটি ধাপ পেরুতে হবে। এজন্য সবাইকে সারিবদ্ধভাবে ব্যানার, ফেস্টুন ছাড়া যেতে হবে। কোনো শ্লোগান চলবে না। মেটাল ডিটেক্টর, আর্চওয়ে থাকবে। এই এলাকায় একজন উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে প্রায় ১ হাজার পুলিশ মোতায়েন থাকবে। সাদা পোশাকে থাকবেন গোয়েন্দা ও র্যাব সদস্যরা।
একইভাবে বনানী কবরস্থান ঘিরে প্রায় সাতশ পুলিশ মোতায়েন করা হবে। কবরস্থানসহ আশেপাশের প্রায় ১ কিলোমিটার জুড়ে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এখানেও সারিবদ্ধভাবে ব্যানার-ফেস্টুন ছাড়া যেতে হবে।
পুলিশ সদস্যরা প্রয়োজনে সবার দেহ ও ব্যাগ তল্লাশী করবেন। কাউকে সন্দেহ হলে গ্রেপ্তারও করতে পারবেন।
ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুধু ওই দুই জায়গাতেই নয়, রাজধানীর প্রতিটি থানা এলাকাতেই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কোথাও থেকে যাতে মিছিল বের হতে না পারে অথবা কাঙালী ভোজ না হতে পারে সে ব্যাপারে সর্তক দৃষ্টি রাখা হবে। এ কারণে আওয়ামী লীগের প্রতিটি শাখা অফিসের সামনেও অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করবে।
ওই কর্মকর্তা আরো জানান, ১৫ আগস্ট উপলক্ষে ধানমণ্ডি ও বনানীসহ পুরো ঢাকা শহরে প্রায় ৪ হাজার পুলিশ মোতায়েন থাকবে। বিমান বন্দর, রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ডসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও থাকবে বাড়তি পুলিশ। এছাড়া প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিরাপত্তার বিষয়টি তদারকি করতে বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩৩৮ ঘ.
bdnews24