২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর চৌধুরীপাড়া বস্তি উচ্ছেদ করতে দেয়নি বাসিন্দারা

বাসিন্দাদের তীব্র বাধার মুখে মঙ্গলবার রাজধানীর মহাখালীর উত্তর চৌধুরীপাড়া বস্তি উচ্ছেদ অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 05:37 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাসিন্দাদের তীব্র বাধার মুখে মঙ্গলবার রাজধানীর মহাখালীর উত্তর চৌধুরীপাড়া বস্তি উচ্ছেদ অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রায় দেড়শ শ্রমিক এবং দুটি বুলডেজার নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম খান সকাল ১০ টায় বস্তি উচ্ছেদ করতে যান। কিন্তু বাসিন্দাদের ধাওয়ার মুখে ফিরে যেতে বাধ্য হন। তবে ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, "পুলিশ ফোর্স না পাওয়ায় উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত করা হয়েছে।" বস্তির বাসিন্দা গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী মো. নূরুন্নবী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এবং গণপূর্ত বিভাগের মহাখালী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা সকাল ১০টায় দুটি বুলডেজার নিয়ে বস্তির পশ্চিম পাশে হাজির হন। শাবল ও হাতুড়ি নিয়ে প্রায় দেড়শ' শ্রমিক তাদের সঙ্গে ছিল। এ সময় বস্তির কয়েক হাজার নারী-পুরুষ উচ্ছেদকারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে কর্মকর্তারা গণপূর্ত বিভাগের আঞ্চলিক কার্যালয়ের ভেতরে আশ্রয় নেন। পরে বস্তিবাসীরা বিক্ষোভ করতে থাকলে ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম খান দুপুর ১২ টার দিকে উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত ঘোষণা করে চলে যান। এ ব্যাপারে গণপূর্ত বিভাগের মহাখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজউদ্দিন তালুকদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তারা উচ্ছেদ অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবল সরবরাহ করেছেন মাত্র। এর সব দায়দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের।" অভিযান স্থগিত সম্পর্কে তিনি বলেন, "অভিযান স্থগিত করার কারণ উল্লেখ করে ম্যাজিস্ট্রেট নজরূল ইসলাম খান একটি লিখিত বক্তব্য দিয়েছেন। সেখানে বন্যার কারণে পুলিশ ফোর্স না পাওয়ায় অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হলো বলে উল্লেখ করা হয়েছে।" অন্যদিকে উচ্ছেদ অভিযান সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. শাহজাহান বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে আমার কিছু জানা নেই। আমাদের সকল স্থাপনা ও সম্পদ গণপূর্ত বিভাগ রক্ষণাবেক্ষণ করে। এ ব্যাপারে তারাই ভালো জানে।" গণপূর্ত বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তর কয়েকদিন আগে মাইকিং করে ১৪ আগস্ট মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযান শুরুর ঘোষণা দেয়। বস্তির বাসিন্দারা এই তথ্য জানিয়ে বলেছেন, তাদের বস্তি উচ্ছেদে হাইকোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে। ২০০৩ সাল থেকে বস্তি উচ্ছেদের বিপক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে মানবাধিকার সংস্থা 'আইন ও সালিস কেন্দ্র (আসক)। 'আসক' এর আইনজীবী অ্যাডভোকেট আবু ওবায়দুর রহমান টগর সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৪ সালের ১৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বস্তি উচ্ছেদ করা যাবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এফএইচবি/এমএইচবি/২৩৩২ ঘ.