২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারণার বাদ্যি কমুক, ত্রাণ পৌঁছুক ওদের হাতে

সময়কাল: ১২ আগস্ট রোববার, দুপুর ৩টা। স্থান: জামালপুরের ইসলামপুর উপজেলার উলিয়া গ্রাম। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী এখানকার বন্যাদূর্গতদের মধ্যে ত্রান বিতরণ করবেন। সার বেঁধে বসে আছেন সাড়ে তিনশ মানুষ। প্রত্যেকের হাতে স্লিপ। একটু দূরে পুলিশ ও সেনাবেষ্টনি। তার ওপাশ থেকে আকুল নয়নে তাকিয়ে আরও হাজারখানেক বানভাসি। এদের প্রবেশাধিকার নেই উপদেষ্টার ত্রাণ কার্যক্রমে। উপদেষ্টা এলেন। নিজ হাতে ত্রাণ দিলেন জনা ত্রিশেক দুর্গতকে। ক্যামেরার শাটার টিপলেন চিত্রসাংবাদিকরা। উপদেষ্টার বিতরণ পর্ব ওখানেই শেষ। লিখেছেন অমি রহমান পিয়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

অমি রহমান পিয়াল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, ১৪ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সময়কাল: ১২ আগস্ট রোববার, দুপুর ৩টা। স্থান: জামালপুরের ইসলামপুর উপজেলার উলিয়া গ্রাম। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী এখানকার বন্যাদূর্গতদের মধ্যে ত্রান বিতরণ করবেন। সার বেঁধে বসে আছেন সাড়ে তিনশ মানুষ। প্রত্যেকের হাতে স্লিপ। একটু দূরে পুলিশ ও সেনাবেষ্টনি। তার ওপাশ থেকে আকুল নয়নে তাকিয়ে আরও হাজারখানেক বানভাসি। এদের প্রবেশাধিকার নেই উপদেষ্টার ত্রাণ কার্যক্রমে। উপদেষ্টা এলেন। নিজ হাতে ত্রাণ দিলেন জনা ত্রিশেক দুর্গতকে। ক্যামেরার শাটার টিপলেন চিত্রসাংবাদিকরা। উপদেষ্টার বিতরণ পর্ব ওখানেই শেষ। লটবহর নিয়ে তিনি চললেন অন্য গন্তব্যে। দলবেধে যাওয়া সাংবাদিকরা নিশ্চিত হলেন উপদেষ্টা ত্রান দিয়েছেন। তারা ফিরে এলেন। ছবিসহ খবর ছাপা হল। বাকি দূর্গতরা ঠিকমতো ত্রাণ পেলেন কিনা নিশ্চিত জানল না কেউ। কেউ জানল না বেষ্টনির ওপাশে থাকা সেই দূর্ভাগা হাজার খানেকের সে রাতটা উপোস কেটেছে কিনা। লিখেছেন অমি রহমান পিয়াল। ওপরে বলা ঘটনাটা উপদেষ্টার ত্রাণ কার্যক্রমকে হেয় বা খাটো করতে লেখা নয়। বন্যা দূর্গতদের সাহায্যে সরকারি পর্যায়ে উদ্যমে কোনো ঘাটতি নেই। এগিয়ে আসছে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ। তারা ত্রাণ দিচ্ছেন। কিন্তু দৃষ্টিকটু যেটি, সেটি প্রচারণার ধরন। তারা ত্রাণ দিচ্ছেন সেটা যেন গোটা দেশকে জানতেই হবে! আর তা নিশ্চিত করতে রীতিমতো এক অসুস্থ প্রতিযোগিতা চলছে। অনেকটা কোরবানির বাজারে সবচেয়ে বড় গরুটা কিনে তার পাশে দাঁড়িয়ে ছবি তোলার মতো অসুস্থতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নেহাল করিম সমর্থন করেছেন যে, এটা এক ধরণের মনোবৈকল্য। বলেছেন, "সৃষ্টির আদি থেকেই এটা চলে আসছে। মানুষ প্রচার চায়। সে যা করছে তার কৃতিত্ব জাহির করার একটা প্রবণতা সচেতন বা অবচেতনে কাজ করবেই। বন্যাদূর্গতদের নিয়ে ফটোসেশনের এই সংস্কৃতি তারই অংশ। বন্যাদূর্গতদের সাহায্য দেওয়া হচ্ছে, সেটা ছবি তুলে মানুষকে জানানো হচ্ছে।" সব সরকারের আমলেই চলে আসছে দুর্যোগের সময় ক্যামেরা ও টিভি ক্যামেরার এই বিজ্ঞাপনরঙ্গ। প্রধানমন্ত্রী-মন্ত্রী কিংবা সাংসদ টিভি ক্যামেরা ছাড়া ত্রাণ দেবেন না। অনেক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকেছে অনাহারি দূর্গতরা। ছবি তোলা শেষ, ভিভিআইপিরা স্থান ত্যাগ করলেন। ত্রাণেরও সেখানেই সমাপ্তি। কিংবা শেষ না হলেও একটা বিশৃংখলার মধ্যে 'কেউ পেল-কেউ পেল না' অবস্থা। এবারের বন্যায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল ছাড়াও কয়েকটি পত্রিকাও বিশেষ বন্যা তহবিল গঠন করেছে। সেখানে প্রতিদিন কিছু না কিছু সাহায্য পড়ছে, কোনো কোনো জায়গায় ভালোরকম অনুদানও দেওয়া হচ্ছে। কিন্তু অনেকটা প্রতিদান সাপেক্ষে। লাখটাকার ওপর হলে হাসিমুখে একটা ছবি ছাপা হচ্ছে সম্পাদক কিংবা বিজ্ঞাপন কর্মকর্তাদের সঙ্গে। যাকাত বা ফেতরায় তো আর এধরনের মুফতে স্বীকৃতি মেলে না! তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলগুলোকে ব্যানারে ত্রাণ কার্যক্রম চালাতে নিষেধ করেছে। ত্রাণ কার্যক্রমে নিষেধ নেই। রাজনীতিকরা বিভিন্ন স্থানে যাচ্ছেন। প্রতিটি সংবাদপত্র অফিসে তার আগে একটি প্রেস রিলিজ পাঠানো হচ্ছে একজন রিপোর্টার ও ফটো সাংবাদিক চেয়ে। নেতারা ত্রাণ দিচ্ছেন, তারা জনগনের সেবা করছেন তা জনগণ জানছে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোও এর বাইরে নয়। তারা ত্রাণ তহবিলে অর্থ দিলেও ছবি তোলেন। ত্রাণ দিতে গেলেও ছবি তোলেন। দুর্গত এলাকায় তারাও নেতাদের পথেই হাঁটেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এই প্রবণতাকে পুঁজিবাদের একটি উপজাত হিসেবে মানছেন। তার মতে, "পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ব্যবসায়ীরা সব কিছুতেই বিনিয়োগের ক্ষেত্র খোঁজেন। বিনিপয়সায় বিনিয়োগ ব্যাপারটা নেই তাদের ধাতে, ত্রাণের ক্ষেত্রেও তাই। তারা টাকা খরচ করছেন সেটার বিজ্ঞাপন তারা চাইবেনই। কিছু এনজিও, কিছু রাজনৈতিক দলও এর বাইরে নয়।" কিন্তু সিপিবি নিজেও এমন প্রেস রিলিজ পাঠিয়েছে পত্রিকাগুলোয়। ১৩ আগস্ট বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম পেয়েছে তাদের সেই আবেদন যাতে ১৪ আগস্টের ত্রাণ তৎপরতায় একজন রিপোর্টার ও ফটো সাংবাদিক চাওয়া হয়েছে নেতাদের সঙ্গী হতে। মুজাহিদুল ইসলাম সেলিম বিন্দুমাত্র অপ্রস্তুত হননি এই জিজ্ঞাসাবাদে। বলেছেন, "সংবাদমাধ্যমগুলোই তো লিখেছে রাজনৈতিক দলগুলো ত্রাণকার্যে নামেনি। জনগণকে তো জানাতে হবে যে কথাটা সত্যি নয়। আমরা সে কারণেই প্রতিবেদক চেয়েছি যাতে মানুষ জানে সিপিবি ত্রাণ কাজে অংশ নিচ্ছে।" ব্যবসায়িক সংগঠনগুলোও একই কারণেই গুরুত্ব দিচ্ছে প্রচারণাকে। ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির ফেডারেশন (এফবিসিসিআই)র জনসংযোগ কর্মকর্তা জাকারিয়া আল মাহমুদ জানিয়েছেন, "সরকার যখন বলেছেন এবারের ত্রাণে ব্যবসায়ীদের তেমন অংশগ্রহণ নেই, তখন ব্যবসায়ীরা তো চাইবেনই এই ভুল বোঝাবুঝিটা দূর করতে। প্রচারটা সেকারণেই। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হিসেব করলে দেখা যাবে ব্যবসায়ীরাই অনুদানে এগিয়ে আছেন।" 'ছবি তোলা শেষ তো ত্রাণ শেষ' কথাটায় আপত্তি জানিয়েছেন তিনি, "প্রতিটি কার্যক্রমই আমাদের ডিস্টিক্ট চেম্বার্সগুলোর ব্যবস্থাপনায় হয়ে থাকে। মূল সংগঠনের নেতারা সেখানে উদ্বোধন করে আরো দূর্গত এলাকায় চলে যান, কিন্তু ত্রাণ থেমে থাকে না।" প্রচারবিমুখ আছেন অনেকেই। পত্রিকায় নাম ছাপাতে অনিচ্ছুকরাও বড় অনুদান দিচ্ছেন। মূল কথা হচ্ছে আসল কাজটা ঠিকমতো হচ্ছে কী না। প্রচারণা বাবদ আর সাংবাদিক বহরকে নিমন্ত্রণ করে, ভুরিভোজ করিয়ে যে পরিমাণ খরচ হচ্ছে সে টাকাটা কাজে লাগতে পারে দীর্ঘপথ পানি সাঁতরে ত্রাণের জন্য ছুটে যাওয়া দূর্গত মানুষের। বিপর্যয়ের এই সময়ে প্রচার নয়, সেবাটাই বেশি জরুরি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএইচবি/২০৪৫ ঘ.