২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড নিক্ষেপ মামলার সাক্ষ্য গ্রহণ ২৬ আগস্ট

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ হয়নি। মামলার প্রধান আসামি মুফতি হান্নান অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য হয়েছে ২৬ আগস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 01:49 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

সিলেট, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ হয়নি। মামলার প্রধান আসামি মুফতি হান্নান অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য হয়েছে ২৬ আগস্ট। মঙ্গলবার সিলেটের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি সংক্রান্ত বিশেষ আদালতের বিচারক ফেরদৌস আহমেদ এ নতুন তারিখ ধার্য করেন। গত ৩১ জুলাই এ মামলার অভিযোগ গঠন করা হয়েছিল। মামলার প্রধান আসামি মুফতি হান্নানকে গত রোববার সিআইডি পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তাই তাকেসহ অন্য তিন আসামিকে সাক্ষ্য গ্রহণের আদালতে হাজির করা হয়নি। আসামিদের আদালতে উপস্থিত না করায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে বলে বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান সরকার পক্ষের কৌঁসুলী পিপি এমাদ উল্লাহ শাহীন। প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে শাহজালাল এর দরগাহ জেয়ারত করতে এলে তার ওপর গ্রেনেড হামলা চালানো হয়। এতে আনোয়ার চৌধুরীসহ অর্ধশত লোক আহত এবং এক পুলিশ কর্মকর্তাসহ তিন জন নিহত হন। হামলায় জড়িত থাকার অভিযোগে গত বছরের ৩ সেপ্টেম্বর হরকাতুল জিহাদের সিলেট অঞ্চলের সংগঠক শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল, দেলোয়ার হোসেন রিপন ও মফিজুর রহমান মফিজকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৪৯ ঘ.