২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর আলী মামলায় হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট

শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজি মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামি ৩০ আগস্ট দিন ধার্য করেছে আদালত। এদিকে তেজগাঁও থানার এ মামলায় পুলিশ হাসিনাকে রিমান্ডে নেওয়ার কোনো আবেদন না করায় মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 12:37 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজি মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামি ৩০ আগস্ট দিন ধার্য করেছে আদালত। এদিকে তেজগাঁও থানার এ মামলায় পুলিশ হাসিনাকে রিমান্ডে নেওয়ার কোনো আবেদন না করায় মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়নি। মঙ্গলবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. আশরাফ উদ্দিন এ মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেন। গত ১৫ জুলাই এই তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা মঙ্গলবার পর্যন্ত প্রতিবেদন না দেওয়ায় আদালত নতুন তারিখ ধার্য করেন। তদন্ত প্রতিবেদনে হয় শেখ হাসিনাকে অভিযুক্ত করা হবে অথবা তার ভিত্তি না পাওয়া গেলে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে চুড়ান্ত রিপোর্ট দেওয়া হবে। পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মো. শহীদুল হক ভূঁইয়া বলেন, "মামলাটির তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য শেখ হাসিনাকে রিমান্ডে নেওয়ার কোনো আবেদন করেননি। এ কারণে তাকে আজ (মঙ্গলবার) আদালতে হাজির করার প্রয়োজন হয়নি।" প্রসঙ্গত, দীর্ঘদিনের আওয়ামী লীগ অনুসারী ব্যবসায়ী নূর আলী ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা, তার চাচাতো ভাই শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীর বিরুদ্ধে গত ১৩ জুন এই মামলা দায়ের করেন। ২৯ জুলাই হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১৬ জুলাই ভোরে যৌথবাহিনী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/১৭২০ ঘ.