ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, বন্যাদুর্গতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য দাতাদের সাহায্য প্রয়োজন হবে।
রাজধানীর হোটেল শেরাটনে মঙ্গলবার "খসড়া জাতীয় পুন:স্থাপন ও বাধ্যতামূলক পুনর্বাসন নীতি" শীর্ষক এক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ভূমি মন্ত্রণালয় যৌথভাবে এই ওয়ার্কশপের আয়োজন করে। বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধ্যতামূলক পুনর্বাসনের নীতিমালা তৈরিতে এডিবি আর্থিক সাহায্য দিচ্ছে।
মইনুল হোসেন বলেন, "সরকার বন্যাদূর্গতদের অবশ্যই সাহায্য করবে। কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের সাহায্যে আশায় বসে না থেকে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে চাষাবাদ শুরু করেছেন।"
আইন উপদেষ্টা জানান, বড় প্রকল্প বাস্তবায়নের জন্য যারা ভূমি হারাবেন নতুন নীতি ঘোষিত হলে সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে।
তিনি বলেন, "বাস্তুহারাদের পুনর্বাসন ছাড়া উন্নয়ন কখনো অর্থবহ হতে পারে না।"
এ ধরনের পুনর্বাসনের জন্য প্রকল্প ব্যয় বেড়ে যাবে বলে উপদেষ্টা উল্লেখ করেন।
মইনুল হোসেন বলেন, ১৯৮২ সালের ভূমি অধিগ্রহণ অধ্যাদেশ সবাইকে উন্নয়ন নীতিমালার অন্তর্ভূক্ত করতে ব্যর্থ হয়েছে। এতে 'জাতীয় স্বার্থের' নাম করে জণগণের ভূমি গ্রহণ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএইচবি/এসকে/১৫৩৯ ঘ.
bdnews24