ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার ষষ্ঠ দিনের মতো অব্যাহত রয়েছে। আগামীকাল ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকান্ডের দিনও এই শুনানি চলবে।
মুত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মেজর একে এম মহিউদ্দিন আহমদের (ল্যান্সার) কৌসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ মামলার ম্যাজিস্ট্রেট আদালতের নথি আদালতে উপস্থাপনের জন্য আবেদন দায়ের করেছেন।
প্রতিদিনের মতো মঙ্গলবারও মেজর (অব) বজলুল হুদার অ্যাডভোকেট অন রেকর্ড নুরুল ইসলাম ভুইঞা বিচারপতি এবিএম খায়রুল হকের দেওয়া হাইকোর্টের রায় পেপারবুক থেকে পড়া অব্যাহত রাখেন। তিনি পেপারবুকের ১৭১০ থেকে ১৮৬৩ পৃষ্ঠা পড়া শেষ করেন।
শুনানির শেষ পর্যায়ে কর্ণেল (অব) ফারুক রহমানের কৌসুলি খান সাইফুর রহমান আদালতের দৃষ্টি আর্কষণ করে বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার হাইকোর্টের রায় ভিন্ন ভিন্ন পেপারবুকে থাকায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় অসুবিধা সৃষ্টি হবে। "বাংলাদেশ বার কাউন্সিল থেকে প্রকাশিত এই রায়ের বই থেকে পাঠ করলে এই জটিলতা সৃষ্টি হতো না। তিনি আদালতকে হাইকোর্টের রায় এই বই থেকে পড়ার অনুরোধ জানান।"
আদালত বলেন, ৬ কার্যদিবস ধরে এ শুনানী চলছে। প্রথমই একথা বললে ভাল হতো। এ পর্যায়ে আদালতের পক্ষে ভিন্ন বই অনুসরণ করা সম্ভব নয়।
আদালত এ পর্যায়ে আসামী বজলুল হুদার লিভ টু আপিলের পেপারবুক তিন কপি ফটোকপি করে নেওয়ার জন্য আইনজীবীদের পরামর্শ দেন।
ল্যান্সার মহিউদ্দিনের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন শুনানি শেষে সাংবাদিকদের জানান, নথি সরবরাহের আবেদন জানানো হয়েছে। আবেদনটি আদালত নথিতে রাখার নির্দেশ দিয়ে বলেছে, তার জেল পিটিশন শুনানির সময় এ আবেদনেরও শুনানি হবে।
বজলুল হুদার অ্যাডভোকেট অন রেকর্ড নুরুল ইসলাম ভুইঞা সাংবাদিকদের বলেন, মেজর বজলুল হুদার বিরুদ্ধে বিচারপতি এবিএম খায়রুল হকের রায়ের পর্যালোচনা পাঠ শেষ হয়েছে। ফারুক রহমানের বিষয়ে পাঠ চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৫৩৬ ঘ.
bdnews24