২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার পানি নামলেও নদী ভাঙনে দিশেহারা শরীয়তপুরের মানুষ

বন্যার পানি সরে যেতে শুরু করলেও এখন নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা অবস্থা শরীয়তপুরের মানুষের। পদ্মা, কীর্ত্তিনাশা ও আড়িয়াল খাঁর ভাঙনে জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্তের সংখ্যা দিন দিনই বাড়ছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও চরাঞ্চলের অনেক এলাকা এখনো পানির নিচে রয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানি সঙ্কটের পাশপাশি দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 08:22 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

শরীয়তপুর, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার পানি সরে যেতে শুরু করলেও এখন নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা অবস্থা শরীয়তপুরের মানুষের। পদ্মা, কীর্ত্তিনাশা ও আড়িয়াল খাঁর ভাঙনে জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্তের সংখ্যা দিন দিনই বাড়ছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও চরাঞ্চলের অনেক এলাকা এখনো পানির নিচে রয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানি সঙ্কটের পাশপাশি দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। সরেজমিনে ঘুরে দেখা যায়, জাজিরা উপজেলায় পূর্ব নাওডোবা মাঝির চর, কুন্ডের চর, পালের চর এলাকায় প্রায় ৩০ কিলোমিটার সড়কসহ চারটি সেতু পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। ভেদরগঞ্জের কাচিকাটা গ্রামে প্রায় ২১ একর জমিসহ মনাই হাওলাদারের বাজার হারিয়ে গেছে নদী গর্ভে। নড়িয়া উপজেলায় ঘড়িশ্বর, চরত্রা এলাকার পাঁচটি বাড়ি গ্রাস করেছে পদ্মা। ভিটেমাটি হারিয়ে কয়েকশ পরিবার নদীর কূলে দাঁড়িয়ে আহাজারি করছে। ভেদরগঞ্জের কাচিহাটা গ্রামের আব্দুর রহিম ও হাতেম আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাঙনের এমন ভয়াবহতা আগে দেখিনি।" বন্যার কারণে নড়িয়া উপজেলার অনেকে আশ্রয় নিয়েছিলেন শরীয়তপুর-নড়িয়া সড়কে। আব্দুল খালেক ও মনসুর আলীর মতো চরত্রা এলাকার অনেকে ওই সড়কে বসেই শোনেন ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কথা। ভবিষ্যতে কী হবে, কীভাবে চলবে- সে নিয়েই এখন শঙ্কিত তারা। এবারের বন্যায় জেলার যে ৬৫টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে, তার মধ্যে নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জের ৩৫টি ইউনিয়নই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসন জানায়। এ সব এলাকার চরাঞ্চলের মানুষ চরম দুঃখ দুর্দশা পোহাচ্ছে। নড়িয়ার নওপাড়া ইউনিয়নের কাজিরহাট এলাকার জসিম দেওয়ান জানান, বন্যার পানি কমতে শুরু করলেও চরের অধিকাংশ বাড়ি এখনও পানির নিচে রয়েছে। রয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট। দুর্গম চর এলাকাগুলোয় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে না বলেও অভিযোগ করেছেন এসব এলাকার বাসিন্দারা। জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানায়, বন্যার্তদের জন্য ৫০২ মেট্রিক টন চাল, নগদ সহায়তার জন্য ৯ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা, গৃহ নির্মাণ বাবদ ৭৫ হাজার টাকা, ১৩০টি শাড়ি ও ১৭০টি লুঙ্গি বরাদ্দ পাওয়া গেছে। যা দুর্গতদের মধ্যে বিতরণ হচ্ছে। জেলা প্রশাসক হাবিবুর রহমান খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তা করা হচ্ছে।" তবে নদী ভাঙন রোধের বিষয়টি একা জেলা প্রশাসনের উদ্যোগে সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৪২৩ ঘ.