ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি মঙ্গলবার সকাল ছয়টায় আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে সরে গেছে। এটি এখন সুস্পষ্ট লঘুচাপ হিসাবে হিমালয়ের উপ-পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে স্থলভাগের দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মনির উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের খুব বেশি। এ কারণে সুমদ্র বন্দরগুলোর ওপর ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে ।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে আবারও তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে সৃষ্ট সঞ্চরণশীল মেঘমালার কারণে সোমবার কক্সবাজার সমুদ্র সৈকত ও বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়লেও মঙ্গলবার সাগর শান্ত রয়েছে।
ঝোড়ো হাওয়ার কবলে পড়ে সোমবার কক্সবাজার ও টেকনাফ এলাকায় ট্রলারডুবে নিহত জেলেদের মধ্যে মোট সাত জনের লাশ উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে, এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
এদিকে, জোয়ারে প্লাবিত পটুয়াখালী শহর থেকে পানি নেমে গেছে বলে জানিয়েছেন পটুয়াখালী প্রতিনিধি। সোমবার জোয়ারে বাঁধ ভেঙে পটুয়াখালী শহর ও জেলার বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/১১০৩ ঘ.
bdnews24