ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর গুলশান লেকে অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। রোববার বিকেল থেকে মাছ ভেসে উঠতে শুরু করে। কী কারণে মাছ মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আশেপাশের বাসিন্দা এবং খেয়াঘাটের মাঝিরা ধারণা করছেন, পানি দূষণের কারণে মাছ মারা গেছে।
মরা মাছ সরিয়ে না নেওয়ায় সেগুলো পচে তীব্র গন্ধ ছড়াচ্ছে। লেকের আশেপাশের বাসিন্দা এবং খেয়াঘাটের মাঝিরা জানান, রোববার বিকেল থেকে প্রথমে আধমরা মাছ ভেসে উঠতে থাকে। এ সময় অনেকেই এই মাছ ধরে নিয়ে যান। সেগুলো নিয়ে বাজারে বিক্রিও করেছে কেউ কেউ। মাঝিরা নিজেরাও মাছ ধরে বাড়িতে নিয়ে গেছেন।
গুলশান লেককে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হলেও সেখাকার মাছ মারা যাওয়ার পর কোনো খোঁজই নেয়নি পরিবেশ অধিদপ্তর। এমনকি তারা মাছ মারা যাওয়ার খবরটিও জানেন না।
পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের তদারকি ও মূল্যায়ন কর্মকর্তা মো. আবু সুমনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হলেও লোকবল ও অর্থাভাবে লেকটির প্রতি তারা মনোযোগ দিতে পারেননি। সেখানে মাছ মারা যাওয়ার খবরও তারা জানেন না। তিনি জানান লেকটি সিটি করপোরেশন দেখভাল করে থাকে।
গুলশান লেক খেয়া ঘাটের আব্দুল খালেকসহ অন্য মাঝিরা জানান, রোববার বিকেলে হঠাৎ করেই তারা দেখতে পান মাছগুলো ভেসে উঠছে। কিছু মাছ আধমরা অবস্থায় ভেসে আছে। তারা সেগুলো ধরে বাড়িতে নিয়ে যান। অন্য লোকেরাও মাছ ধরতে আসে। কয়েকজন মাছ ধরে বাজারে নিয়ে বিক্রিও করেছে। তবে সন্ধ্যার দিকে শুধু মরা মাছই ভেসে উঠতে থাকে।
সোমবারও লেকে অনেক মরা মাছ দেখা গেছে। ভাসতে ভাসতে মাছগুলো তীরে ভিড়ে আছে। নৌকা নিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক অসংখ্য মাছ মরে ভেসে থাকতে দেখেন।
গুলশান লেকের ধারে একটি বহুতল আবাসিক ভবনের দারোয়ান শাহ আলম জানান, রোববার বিকেল থেকে মাছ মরে ভেসে ওঠে। বহুলোক এসে মাছ তুলে নিয়ে গেছে। গুলশান লেকের মাঝামাঝি অবস্থিত বস্তির প্রায় সবাই রোববার মাছ ধরেছেন।
বাংলাদেশ সরকার দেশের আটটি স্থানকে প্রতিবেশগত সংকটপন্ন এলাকা ঘোষণা করেছে। এসব এলাকা সংরক্ষণের জন্য বিশেষ আইনও তৈরি করা হয়েছে। এর মধ্যে অন্যতম গুলশান-বারিধারা লেক।
২০০১ সালের ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে গুলশান--বারিধারা লেকে শিকার, প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংসের কার্যকলাপ, ভূমি ও পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্টের কাজ, শিল্প প্রতিষ্ঠান স্থাপনসহ গোসল করা, কাপড় কাঁচা ও বর্জ্য ত্যাগ নিষিদ্ধ করা হয়। এ আইন এতোটাই কঠোর যে লেকে গোসল করার শাস্তি দশ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
তবে এ আইন হওয়ার পরও লেক অবাধে দখল করে ভবন নির্মাণ, বর্জ্য ফেলা এবং দূষণ অব্যাহত রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমএইচবি/০১১৫ ঘ.
bdnews24