ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রুগ্ণ শিল্পের সহায়তার জন্য 'রুগ্ণ শিল্প অধ্যাদেশ' প্রণয়ন ও সাভারের চামড়া শিল্প নগরীকে 'বিশেষায়িত শিল্প এলাকা' ঘোষণার প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। তবে যমুনা ও মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার বাজারে ছাড়া ও স্বল্পমূল্যের এক লাখ ফ্ল্যাট নির্মাণের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে কমিটি।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়। সভা শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আজিজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
কমিটির চেয়ারম্যান ড. মির্জ্জা এবি আজিজুল ইসলামের সভাপতিত্বে এই সভায় উপদেষ্টা তপন চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং অন্যান্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "অতীতে রুগ্ণ শিল্পগুলোকে সহায়তা ও বিশেষ সুবিধা দেওয়া হলেও এতে এই খাতের তেমন কোনো উন্নতি হয়নি। তাই সভায় রুগ্ণ শিল্পকে বিশেষ সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়নি। এসব প্রতিষ্ঠান বর্তমানে প্রচলিত বাংলাদেশ ব্যাংক বিধিমালা অনুযায়ী যা প্রাপ্য, তেমন সুযোগ-সুবিধাই পাবে।"
তিনি বলেন, "সভায় সাভারের চামড়া শিল্পনগরীকে বিশেষায়িত শিল্প এলাকা ঘোষণার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়নি। কারণ এ ধরনের ঘোষণা দেওয়ার সুযোগ আইনে নেই।"
সভার অনুমোদন পাওয়া প্রস্তাব দুটির বিষয়ে উপদেষ্টা বলেন, "পূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্বল্প আয়ের মানুষের জন্য এক লাখ ফ্ল্যাট নির্মাণ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে শর্ত আরোপ করা হয়েছে। এসব ফ্ল্যাট নির্মাণের জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কোম্পানি নির্ধারণ করা হবে। এতে যেনো দেশীয় প্রতিষ্ঠানগুলোও অংশ নিতে পারে সে ব্যবস্থাও রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়টি তদারকি করবে বেসরকারি উদ্যোগে ভবন নির্মাণ সংক্রান্ত একটি সরকারি কমিটি।"
এছাড়া সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের যমুনা ও মেঘনা পেট্রোলিয়ামের ৪৯ শতাংশ শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, "এসব প্রতিষ্ঠান যাতে সরকারের নিয়ন্ত্রণে থাকে সেজন্য বেশির ভাগ শেয়ার সরকারে হাতে রাখা হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/০০০৩ ঘ.
bdnews24