২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা: আসামিদের ব্যাপারে ইন্টারপোলের রেড নোটিশ বহাল নেই

বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির দণ্ড পাওয়া পলাতক ছয় সাবেক সেনা কর্মকর্তার নামে আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) জারি করা রেড নোটিশ বাতিল হয়ে গেছে প্রায় বছরখানেক আগে।

লিটন হায়দার

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 04:09 PM

Updated : 26 Apr 2022, 02:39 PM

এ ছয়জন এখন কোথায় আছেন সে ব্যাপারে হালনাগাদ কোনো তথ্যও নেই বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) কাছে।

বাংলাদেশে ইন্টারপোলের কার্যক্রম পরিচালনা করে পুলিশ সদরদপ্তরে অবস্থিত এই এনসিবি।

বঙ্গবন্ধু হত্যা মামলায় পালিয়ে থাকা ফাঁসির আসামিরা হলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার আব্দুর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরী, ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ, মেজর (অব.) শরিফুল হক ডালিম, মেজর (অব.) এস এইচ এম বি নূর চৌধুরী ও রিসালদার মোসলেম উদ্দিন।

বিশ্বের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকায় এদের ফিরিয়ে উদ্যোগও থমকে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যা মামলার পলাতক আসামিদের ব্যাপারে ইন্টারপোলের রেড নোটিশ বহাল নেই। কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে এই নোটিশ বাতিল হয়ে গেছে।"

অন্যদিকে, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ সোমবার জানান, "বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিরা এখন কোথায় আছেন তার কোনো হালনাগাদ তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই।"

তিনি বলেন, বিশ্বের কোনো দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় তাদের দেশে আনার ব্যাপারেও তৎপরতা নেই।

অবশ্য বন্দি বিনিময় চুক্তি না থাকার পরও বিশেষ ব্যবস্থায় ১৯৯৮ সালে বজলুল হুদাকে থাইল্যান্ড এবং এ কে এম মহিউদ্দিনকে চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, বজলুল হুদা থাইল্যান্ডে একটি শপিং মলে চুরি করতে গিয়ে ধরা পড়েন। পরে বাংলাদেশ থেকে সিআইডি পুলিশের এক কর্মকর্তা গিয়ে তাকে সনাক্ত করেন। সে সময় বাংলাদেশ সরকারের অনুরোধে শুধু তার জন্য এক সমঝোতা চুক্তি করে থাইল্যান্ড সরকার তাকে ফেরত পাঠায়।

এছাড়া এ কে এম মহিউদ্দিন যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ভঙ্গ করায় দেশটির সরকার তাকে ফেরত পাঠিয়েছে।

এনসিবি সূত্র জানায়, পলাতক ছয় আসামি এখন কোথায় আছেন তা সুনিদিষ্টভাবে বলা যাবে না। রেড নোটিশ জারির সময়ে তাদের অবস্থানের বিষয়ে একটি প্রাথমিক ধারণা ছিল।

এ প্রাথমিক ধারণা থেকে বলা হয়েছিল, খন্দকার আব্দুর রশিদ লিবিয়া অথবা জার্মানিতে, এ এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে, আব্দুল মাজেদ ও শরিফুল হক ডালিম ভারত অথবা পাকিস্থানে, এস এইচ এম বি নূর চৌধুরী যুক্তরাষ্ট্র অথবা কানাডায় ও মোসলেম উদ্দিন ভারতে আছেন।

এনসিবির ওই সূত্র জানায়, বঙ্গবন্ধু হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়ার পর ১৯৯৭ সালে ইন্টারপোলের মাধ্যমে আসামিদের নামে প্রথম রেড নোটিশ জারি করা হয়। পরে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন সময় তা হালনাগাদ করা হয়েছে।

অবশ্য ২০০১ সালের পর থেকে এ ব্যাপারে আর কোনো তদারকি না থাকায় ২০০৬ সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে ইন্টারপোল রেড নোটিশ বাতিল করে দেয়। সংস্থার নিয়ম অনুযায়ী পাঁচ বছর কোনো তদারকি না থাকলে নোটিশ এমনিতেই বাতিল হয়ে যায়।

তবে এনসিবির ওই দায়িত্বশীল কর্মকর্তা জানান, ইন্টাপোলের সঙ্গে আবার যোগাযোগ করা হলে এই পলাতক আসামিদের ব্যাপারে রেড নোটিশ হালনাগাদ হতে পারে। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা নেই ইন্টারপোলের। সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান প্রদানে সহযোগিতা করাই সংস্থাটির মূল কাজ। এরই অংশ হিসেবে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া মোট ১২ জনের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতি) সুলতান শাহরিয়ার রশিদ খান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান, মেজর (অব.) মো. বজলুল হুদা (আর্টিলারি) ও মেজর (অব.) এ কে এম মহিউদ্দিন আহমেদ এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।

তাদের রাখা হয়েছে কারাগারের ডেথ সেল 'রজনী গন্ধা'র পাঁচটি কক্ষে।

বাকি সাত আসামির মধ্যে আব্দুল আজিজ পাশা ২০০২ সালে জিম্বাবুয়েতে মারা যান।