২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে গুটি ইউরিয়া প্লান্টে উৎপাদন শুরু

ইউরিয়ার চাহিদা মেটাতে নীলফামারীর সৈয়দপুরে যমুনা গুটি ইউরিয়া প্লান্টে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করেছে। একই পরিমাণ গুটি ইউরিয়া দিয়ে ওই পরিমাণ সাধারণ সারের চেয়ে ভালো ফল পাওয়া যায় বলে বলে উত্তরবঙ্গে কৃষকদের সার বাবদ খরচ এখন ২৫ থেকে ৩০ শতাংশ কমে আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 01:48 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

নীলফামারী, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইউরিয়ার চাহিদা মেটাতে নীলফামারীর সৈয়দপুরে যমুনা গুটি ইউরিয়া প্লান্টে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করেছে। একই পরিমাণ গুটি ইউরিয়া দিয়ে ওই পরিমাণ সাধারণ সারের চেয়ে ভালো ফল পাওয়া যায় বলে বলে উত্তরবঙ্গে কৃষকদের সার বাবদ খরচ এখন ২৫ থেকে ৩০ শতাংশ কমে আসবে। প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে যমুনা গুটি ইউরিয়া প্লান্টের মালিক শওকত চৌধুরী জানান, শস্য ভাণ্ডারখ্যাত উত্তরের ১৬ জেলার কৃষককে প্রতিবছর ইরি-বোরো, রোপা আমন, ভুট্টাসহ বিভিন্ন ফসলের মৌসুমে ইউরিয়া সারের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয়। তাদের এই দুর্ভোগ লাঘব ও কম খরচে সারের ব্যবহারের জন্য দীর্ঘদিনেও উত্তরাঞ্চলের কোথাও গুটি ইউরিয়া উৎপাদনের প্লান্ট স্থাপনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। তাই উত্তরাঞ্চলের লাখ লাখ কৃষকের দুর্দশা লাঘবে সৈয়দপুরে এই প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, এই প্লান্ট থেকে প্রতিদিন ২০ টন গুটি ইউরিয়া উৎপাদন করে উত্তরের বিভিন্ন জেলায় বাজারজাত করা হবে। এ ছাড়াও এই প্লান্ট থেকে জিঙ্ক ম্যাগনেসিয়াম, বোরাক্স, সালফার সার উৎপাদন করা হবে বলে তিনি জানান। সৈয়দপুর বিসিক শিল্প নগরীতে গুটি ইউরিয়া প্লান্টের উৎপাদন অনুষ্ঠানে রংপুর ন্যাশনাল কমার্স এন্ড ক্রেডিট ব্যাংক লি. এর ভাইস-চেয়ারম্যান শেখ আলী আশরাফ, যমুনা গুটি ইউরিয়া প্লান্টের স্বত্বাধিকারী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ শওকত চৌধুরীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি মন্ত্রণালয়ের জনসংযাগ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল-শাহীন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গুটি ইউরিয়া এক ধরনের গোলাকার দানাদার ইউরিয়া। সাধারণ ইউরিয়া জমিতে ছিটানো হয়। একটি একটি গুটি ইউরিয়া একটি একটি গাছের গোড়ায় দেওয়া হয়। এর ফলে জমিতে পরিমাণ মতো সার দেওয়া যায়। আবার খরচও হয় কম।" শাহীন বলেন, "সাধারণ ইউরিয়া সার ব্যবহারের তুলনায় গুটি ইউরিয়া ব্যবহার করলে কৃষকের খরচ ২৫ থেকে ৩০ শতাংশ কমে আসে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯৪৩ ঘ.