নারায়ণগঞ্জ, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদদের ত্রাণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
সোমবার বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বারের যৌথ ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, যে কোনো রাজনীতিবিদ বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পারেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। এরই মধ্যে অনেক রাজনীতিবিদ ত্রাণ কার্যক্রম শুরু করেছেন।
শহরের শীতলক্ষ্যা পুল এলাকায় ত্রাণ বিতরণের সময় জেলা প্রশাসক ফাইজুল কবীর, পুলিশ সুপার মো. ছিবগাতউল্লাহ, বিকেএমইএ সভাপতি ফজলুল হক, এফবিসিসিআই সহ-সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান সেলিনা হায়াত আইভী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৩৯ ঘ.
bdnews24