নারায়ণগঞ্জ, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশ এখন জনগণের বন্ধু। তাই দুর্দশার সময়ে পুলিশ সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নিতে চায়। আর এ জন্যই সীমিত সামর্থ্য নিয়েও পুলিশ সদস্যরা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়েছে।
সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের সময় পুলিশ প্রধান নূর মোহাম্মদ এ কথা বলেছেন।
পুলিশ বাহিনী, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে ওই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। মোট ১২ শ দুর্গত পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ লিটার বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, নগদ ১০০ টাকা করে দেওয়া হয়।
জেলা প্রশাসক ফাইজুল কবীর, পুলিশ সুপার মো. ছিবগাতউল্লাহ, বিকেএমইএ সভাপতি ফজলুল হক, এফবিসিসিআই সহ সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোহাম্মদ আলী, আলীরটেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ওই সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৮ ঘ.
bdnews24