২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি উৎপাদন না বাড়লে মূল্যস্ফীতি কমবে না: গভর্নর

দেশের কৃষি উৎপাদন না বাড়লে বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাবে না হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 12:02 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দেশের কৃষি উৎপাদন না বাড়লে বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাবে না হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। সোমবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ব্যাংক বহির্ভূত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, "কৃষি উৎপাদন বাড়ানো না গেলে এবং আমদানি স্বাভাবিক না রাখতে পারলে বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাবে না।" তিনি বলেন, "কৃষি খাতে প্রবৃদ্ধি ভালো হলে অন্যান্য খাতের ওপরও এর প্রভাব পড়ে। কিন্তু উৎপাদন, সেবা ও গৃহায়ন খতে প্রবৃদ্ধি বাড়লেও কৃষিখাতে প্রবৃদ্ধি ভালো না হলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান নেমে যায়।" বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জুন মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ২ শতাংশ। এই হার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। অবশ্য জাতীয় অর্থনীতিতে চলতি বন্যার প্রভাব সম্পর্কে বলতে গিয়ে তিনি আশা প্রকাশ করেন, পুনর্বাসন কাজ সঠিকভাবে করা হলে এবং দেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবারের বন্যা প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বেসরকারি ব্যাংকগুলো এই প্রথমবারের মতো ১১০০ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এ জন্য প্রতিটি ব্যাংকের প্রধান নির্বাহীর নেতৃত্বে আলাদা সেল খোলারও নির্দেশ দেওয়া হয়েছে। এই সেল কৃষিঋণ বিতরণের সর্বিক বিষয়গুলোর তদারকি করবে। আর বাংলাদেশ ব্যাংক ওই সেলগুলোর তত্ত্বাবধায়ন করবে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "২০০৪ সালে বন্যা মোকাবেলার পরও কৃষিখাতে উৎপাদন বেশ ভালো হয়েছিল। ওই অভিজ্ঞতাকে এবারো কাজে লাগাতে হবে। আমাদের প্রধান লক্ষ্য এখন কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানি উৎসাহিত করা। বাংলাদেশ ব্যাংক এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।" সুদের হার নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তাদের কৃষিঋণের সুদের হার নির্ধারণ করেছে। ব্যাংকারদের মাথায় রাখতে হবে যে কৃষিঋণ বেশ ঝুঁকিপূর্ণ। তবে ঝুঁকি কমাতে গিয়ে কৃষকদের ওপর যেন সুদের বোঝা চাপানো না হয় সেদিকেও খেয়াল রাখা জরুরি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জেকে/১৭৫৫ ঘ.