রাজশাহী, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক কৃষি কর্মকর্তাকে মারধর করে ৪০ বস্তা সার লিখিয়ে নেওয়ায় অভিযোগে পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার রাতে ইউপি সদস্যের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
তিনি জানান, জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে সুলতান লোদিকে সোমবার দুপুরে মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রবিউল হক আরও জানান, গত শুক্রবার সকালে কৃষকদের সার দিতে যাওয়ার সময় পবার দর্শনপাড়া ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা খালেকুজ্জামানকে আটকে মারধর করে ৪০ বস্তা সারের স্লিপ লিখিয়ে নেন।
ওই ঘটনায় খালেকুজ্জামান বাদী হয়ে পবা থানায় একটি মামলা করেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৯ ঘ.
bdnews24