ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-----দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পত্তির হিসাব বিবরণ জমা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। রাজশাহী কারা কর্তৃপক্ষের মাধ্যমে রোববার তার হিসাব বিবরণ ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছায়।
হিসাব বিবরণে দাবি করা হয়, রাজশাহী ও নওগাঁয় তার আনুমানিক ২৬ একর ২০০ শতাংশ জমি আছে। ঢাকার বনানীতে পাঁচ কাঠার একটি এবং রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় পাঁচ কাঠার আরেকটি প্লট আছে।
বিবরণ অনুযায়ী, দুইটি ব্যাংক হিসাবে মেয়র মিনুর আনুমানিক এক লাখ ২২ হাজার টাকা আছে। এছাড়া, জীবন বীমা আছে এক লাখ টাকার। তার প্রায় সাড়ে তিন লাখ টাকার সেগুন কাঠ, এক লাখ ৭২ হাজার টাকার স্বর্ণালঙ্কার এবং একটি জিপ গাড়ি ও একটি মোটর সাইকেল আছে বলেও বিবরণে উল্লেখ করা হয়।
হিসাব বিবরণে মেয়র মিনু দাবি করেন, তার স্ত্রী সালমা শাহাদাতের ছয়টি ব্যাংক হিসাবে প্রায় দুই লাখ ২২ হাজার টাকা, প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কার, আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার আসবাবপত্র ও ইলেক্ট্রনিক সামগ্রী এবং একটি টেম্পো আছে।
মেয়র মিনুকে গত ৬ জুন একটি চাঁদাবাজি মামলায় আটক করা হয়। এরপর ১০ জুন তিনি জামিন লাভ করেন। পরদিন তাকে সিটি করপোরেশন কার্যালয় থেকে জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আবার আটক করা হয়। তার বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দানের অভিযোগে আরেকটি মামলা আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআইএম/এসকে/২০১৬ ঘ.
bdnews24