চট্টগ্রাম, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাঙ্গুনিয়ায় পুলিশের হাতে গ্রেপ্তার তালিকাভুক্ত সন্ত্রাসী নাসির উদ্দিন নাইস্যাকে চার দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে নাইস্যাকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন জানায় পুলিশ। তখন ম্যাজিস্ট্রেট উম্মে রেহানা চার দিন রিমান্ডের নির্দেশ দেন।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মো. মোশাররফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ডাকাতির মামলায় নইস্যাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
তিনি জানান, এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির অভিযোগে নয়টি মামলা রয়েছে। সে নিজের নামে নাইস্যা বাহিনী গঠন করে উত্তর চট্টগ্রামে ত্রাস সৃষ্টি করেছিল।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত নইস্যাকে শনিবার সকালে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের রাজারহাট থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮৪৭ ঘ.
bdnews24