ঢাকা, ১২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ টুঙ্গিপাড়া যাবেন। সেখানে তারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন।
তবে ১৫ আগস্ট ছুটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সরকারের হাতে নেই বলে জানিয়েছেন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। রোববার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এদিন ছুটি ঘোষণার বিষয়টি আদালতে চলে গেছে। কাজেই সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।" (আরও তথ্যসহ)
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী মো. আমিনুল ইসলাম রোববার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে ১৫ আগস্ট টুঙ্গিপাড়া যাবেন।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "টুঙ্গিপাড়ায় তিন বাহিনীর প্রধানেরও যাওয়ার কথা রয়েছে"।
পনের আগস্ট জাতীয় শোক দিবস ও সাধারন ছুটি ঘোষণার দাবিতে গত ৫ আগস্ট হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হকের করা রিট আবেদনে জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়।
পরদিন রিটটির ওপর শুনানি শেষে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তার কারণ দর্শাতে এবং ওই দিন কেন জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি হবে না তার ব্যাখ্যা করতে সরকারের প্রতি রুল জারি করে।
বাংলাদেশের স্বাধীনতায় অনন্য অবদানের জন্য ১৯৯৬ সালে সরকার ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে। দিবসটিতে সাধারন ছুটিও ঘোষণা করা হয়। কিন্তু ২০০২ সালের ৮ আগস্ট চারদলীয় জোট সরকার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ছুটি বাতিল করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/এমএইচবি/১২১৫ ঘ.
bdnews24