২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্রয়কেন্দ্র ছাড়তে পারছেন না দুর্গতরা

সারাদেশে বন্যা পরিস্থিতির শনিবার আরও উন্নতি হয়েছে। অবশ্য বিভিন্ন এলাকা এখনো পানির নিচে থাকায় ঘরে ফিরতে পারছেন না বন্যার্তরা। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট বাড়ছে। পাশাপাশি পাল্লা দিয়ে ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগব্যাধি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সব নদীর পানি কমা অব্যাহত রয়েছে। তবে এখনও ১৩টি পয়েন্টে ১১টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। শনিবার কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ডেমরা পয়েন্টে বালু নদীর পানি পাঁচ সেন্টিমিটার ও নারায়ণগঞ্জ পয়েন্টে শীতলক্ষ্যা নদীর পানি চার সেন্টিমিটার কমে বিপদসীমার ২৭ ও ১৯ সেন্টিমিটার ওপরে রয়েছে। মিরপুর পয়েন্টে তুরাগ, টঙ্গী পয়েন্টে টঙ্গী খালের পানিও কমতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 04:09 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারাদেশে বন্যা পরিস্থিতির শনিবার আরও উন্নতি হয়েছে। অবশ্য বিভিন্ন এলাকা এখনো পানির নিচে থাকায় ঘরে ফিরতে পারছেন না বন্যার্তরা। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট বাড়ছে। পাশাপাশি পাল্লা দিয়ে ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগব্যাধি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সব নদীর পানি কমা অব্যাহত রয়েছে। তবে এখনও ১৩টি পয়েন্টে ১১টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। শনিবার কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ডেমরা পয়েন্টে বালু নদীর পানি পাঁচ সেন্টিমিটার ও নারায়ণগঞ্জ পয়েন্টে শীতলক্ষ্যা নদীর পানি চার সেন্টিমিটার কমে বিপদসীমার ২৭ ও ১৯ সেন্টিমিটার ওপরে রয়েছে। মিরপুর পয়েন্টে তুরাগ, টঙ্গী পয়েন্টে টঙ্গী খালের পানিও কমতে শুরু করেছে। এই দুই পয়েন্টে পানি বিপদসীমার ৫১ ও ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী এক থেকে তিন দিনের মধ্যে ঢাকার আশপাশের নদীর পানির আরও কমবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়। এদিকে, দেশের বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিরা সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতির খবর দিয়েছেন। ফরিদপুর প্রতিনিধি জানান, পানি কমতে শুরু করলেও রাস্তাঘাট ডুবে থাকায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বন্যা দুর্গতরা বাড়িতে ফিরতে পারছে না। ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আক্তার উজ্জামান জানান, রাস্তা ডুবে থাকায় সেখানকার সাত হাজার পরিবারের ৩৫ হাজার মানুষ ২৫টি আশ্রয় কেন্দ্রে থাকতে বাধ্য হচ্ছেন। ফরিদপুরে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগব্যাধি। জেলা সিভিল সার্জন ডা. মতিউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৪ ঘণ্টায় জেলার চরভদ্রাসন উপজেলার ১০টি আশ্রয় কেন্দ্রসহ বন্যাদুর্গত এলাকা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর জেনারেল হাসপাতাল, ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল, চারটি উপ-স্বাস্থ্য কেন্দ্র ও একটি স্বাস্থ্য কেন্দ্রে ৮৯ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ২০ জন শিশু। এছাড়া, চরভদ্রাসন উপজেলায় ৩৫ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। জেলায় অপ্রতুল ত্রাণ সামগ্রী বিতরণেরও অভিযোগ পাওয়া গেছে। নগরকান্দা উপজেলার ফুলসুতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুকুলী বেগম জানান, তার ইউনিয়নের ১০টি গ্রামের ২২ হাজার পরিবারের জন্য ত্রাণ হিসাবে মাত্র দেড় টন চাল ও নগদ তিনহাজার টাকা পাওয়া গেছে। একই উপজেলার তালমা ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান জানান, তার ইউনিয়নের ২২ গ্রামের ২৩ হাজার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। কিন্তু এ পর্যন্ত বরাদ্দ ত্রাণ মাত্র ১ হাজার ৪৮০ জনকে দেওয়া গেছে। এদিকে, ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর বিলমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় নেওয়া রাহেলা (২৮) শুক্রবার রাতে মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। রাহেলা গত ১০ দিন আগে আশ্রয়কেন্দ্রে আসেন। বালিয়াবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আক্তার উজ্জামান জানান, প্রসূতি ও নবজাতক সুস্থ আছে। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার বন্যা উপদ্রুত এলাকায় ব্যাপকহারে ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে বাবলু মিয়া (২৮) শনিবার সকালে মারা যান। তার বাড়ি উলিপুর উপজেলার খামার বজরা গ্রামে। জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৭০ জন রোগী। সিভিল সার্জনের কন্ট্রোল রুম সূত্র জানায়, ১০ দিনে জেলায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দুই হাজারের মতো। কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. ফেরদৌস আলম শিবির জানান, বন্যা পরবর্তী সময়ে বিশুদ্ধ পানি সঙ্কট ও প্রচণ্ড রোদের কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব হয়েছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শহরের বন্যার পানি এখন আর নেই। কিন্তু নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলে বন্যার পানি পুরোপুরি নামেনি। সেখানকার আশ্রয়কেন্দ্রগুলো থেকে মানুষ এখনো বাড়ি ফিরতে পারেননি। জেলায় ডায়রিয়া ও পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। জামালপুর প্রতিনিধি জানান, যমুনা ও পুরোন ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানি দ্রুত কমে আসায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব রয়েছে দুর্গম চরাঞ্চলে। পাশাপাশি দুর্গত এলাকায় ডায়রিয়া, নিউমোনিয়া ও চর্মরোগসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত পাঁচ দিনে বন্যা দুর্গত এলাকায় সাড়ে চার হাজার মানুষ এসব রোগে আক্রান্ত হয়েছে বলে জানায় সিভিল সার্জন অফিস। পানির প্রবল তোড়ে রাস্তা ও কালভার্ট ভেসে যাওয়ায় মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। রেল লাইন পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদঘাট ও সরিষাবাড়ি -জগন্নাথগঞ্জ ঘাটের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ রয়েছে। শনিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ও জামালপুর শিল্প ও বণিক সমিতি মেলান্দহ উপজেলার মাহমুদপুরে ক্ষতিগ্রস্ত পাঁচশ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। সাভার প্রতিনিধি জানান, সাভার বিশ্ববিদ্যালয় কলেজে বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করে গানচিল মিডিয়া লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন গানচিল মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পী কুমার বিশ্বজিৎ, ব্যান্ড শিল্পী নকিব খান, ক্লোজআপ ওয়ান তারকা নোলকবাবু, রুমি, রিংকু, আবিদ প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে এখন পানি বাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। বন্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, নাসিরনগর, সরাইল, বাঞ্ছারামপুর, কসবা, আখাউড়া ও আশুগঞ্জ উপজেলার ৪৮টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গাজীপুর প্রতিনিধি জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল শনিবার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ও সূত্রাপুর ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। উপদেষ্টা সাহসের সঙ্গে বন্যা মোকাবেলার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে এবং প্রতিদিনই ক্ষতিগ্রস্ত এলাকায় তা পাঠানো হচ্ছে। নরসিংদী প্রতিনিধি জানান, সদর উপজেলার চর এলাকা নজরপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শনিবার ত্রাণ বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার ইকরাম আহমেদ। তিনি এলাকার দুশ' পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও নগদ একশ করে টাকা বিতরণ করেন । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২০২ ঘ.