ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শনিবার ভোরে মলম পার্টির চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ জানায়, শনিবার ভোর ৪টার দিকে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মইনুল হোসেনের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ী থানা এলাকার ধলপুর ও জুরাইন থেকে মলম পার্টির সদস্য মনা (৩৮), বিল্লাল হোসেন (৩৮), মনি বেগম (৩০) ও সোনিয়া আক্তারকে (৩০) গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, ঢাকার বিভিন্ন এলাকায় তারা দল বেঁধে বাসে উঠে কৌশলে যাত্রীদের চোখে মলম বা মরিচের গুড়া লাগিয়ে সর্বস্ব ছিনিয়ে নিত।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এসকে/১৯৩১ ঘ.
bdnews24