জয়পুরহাট, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাঁচবিবি-হিলি সড়কে শুক্রবার রাতে প্রায় ৯ লাখ টাকার পাঙ্গাশ মাছের পোনাভর্তি একটি ট্রাকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে বিডিআর।
২৯ রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্র্নেল এবিএম আজিজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিআর এর বিশেষ ক্যাম্প এলাকায় সন্দেহবশত ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৭টি ড্রামে ভর্তি প্রায় ৯ লাখ টাকার মাছের পোনা পাওয়া যায়। ওই সময় ট্রাকে থাকা সাতজনকে গ্রেপ্তার করা হয়।
মাছের পোনাগুলো ভারতে পাচার করা হচ্ছিলো বলে ওই বিডিআর কর্মকর্তা জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের রেজাউল সরদার (২৫), জয়নাল মণ্ডল (২৫) ও কাঁঠালবাড়ী গ্রামের নূর আলম (২২) এবং নওগাঁর রাণী নগর উপজেলার বাড়ইল গ্রামের সুপেশ চন্দ্র (২৪), মিঠু চন্দ্র (২৮), সঞ্চয় কুমার (২৩) এবং বগুড়ার আদমদিঘী উপজেলার নশরতপুর গ্রামের নিতাই চন্দ্র (৪০)।
তাদের সবাইকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে। বিডিআর বাদি হয়ে এ ঘটনায় একটি মামলা করেছে।
এদিকে শনিবার ভোরে তেলাল উপজেলার র্যাব সদস্যরা প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রি-পিচ ও থান কাপড় আটক করেছে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর শাহ আলী বলেন, "নিশ্চিন্তা নামে এলাকায় একটি ট্রাককে থামতে বলা হলে সেটি না থেমে চলতে থাকে। পরে ধাওয়া করলে বগুড়া জেলা সদরের বাঘোপাড়া এলাকায় ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়।"
ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় জর্জেট ও সিল্ক শাড়ি, থ্রি-পিচ এবং থান কাপড় উদ্ধার করা হয় বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭৪১ ঘ.
bdnews24