২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বন্যায় এ পর্যন্ত মারা গেছেন ২২৬ জন

সরকারি হিসাবে চলতি বন্যায় এ পর্যন্ত ২২৬ জনের মৃত্যু হয়েছে। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৮টি জেলার প্রায় ২০ লাখ মানুষ। এছাড়া প্রায় ছয় লাখ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 06:09 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি হিসাবে চলতি বন্যায় এ পর্যন্ত ২২৬ জনের মৃত্যু হয়েছে। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৮টি জেলার প্রায় ২০ লাখ মানুষ। এছাড়া প্রায় ছয় লাখ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। কৃষি উপদেষ্টা সিএস করিম শুক্রবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাওয়া যাবে পানি পুরোপুরি নেমে যাওয়ার পর। উপদেষ্টা জানান, এবারের বন্যায় ৫৪ হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ নষ্ট হয়েছে। মোট কৃষি জমির ২৭ শতাংশের ফসল নষ্ট হয়েছে। এছাড়া প্রায় ২০০ কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। সিএস করিম বলেন, "বন্যায় অধিকাংশ আমন বীজতলা নষ্ট হয়ে গেছে। কৃষি মন্ত্রণালয় উঁচু জমিতে বীজতলা তৈরি করছে। এসব চারা ক্ষতিগ্রস্থ চাষীদের বিনামূল্যে সরবরাহ করা হবে।" সংবাদ সম্মেলনে কৃষি সচিব আব্দুল আজিজ জানান, সরকারি উদ্যোগে এখন যে ধানের চারা তৈরি করা হচ্ছে, তা দিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই চাষাবাদ শুরু করা যাবে। তিনি আরো জানান, প্রতিটি উপজেলায় কমপক্ষে ১০ একর জমিতে বীজতলা তৈরি করতে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আমন ও সব্জি বীজ সরবরাহ করা হবে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, জেলা প্রশাসকের মাধ্যমে সরকার দুর্গতদের মাঝে এ পর্যন্ত ১৩ হাজার মেট্রিক টনেরও বেশি চাল, নগদ প্রায় সাড়ে চার কোটি টাকা, গৃহ নির্মাণ বাবদ এক কোটি টাকা, সাড়ে ৪৮ লাখ টাকার শুকনো খাবার ও অন্যান্য খাতে সাড়ে ৩৯ লাখ টাকা বিতরণ করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এফএইচবি/জেকে/২৩৪৯ ঘ.