ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহজাহান সিরাজের.ছেলের বউ ফারজানা খানের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা আয়কর ফাঁকির মামলার রায় দেওয়া হবে আগামী ১৫ আগস্ট ।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালত রায় দেওয়ার তারিখ ঘোষণা করেন।
আসামি ফারজানা খান পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই বিচার কাজ চলে।
গত ১৬ জুলাই ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন মামলাটি দায়ের করেন। এরপর সেটি বিচারের জন্য গত ২৯ জুলাই বিশেষ জজ আদালত-৫ এ পাঠানো হয়।
ফারজানা খান ২ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার টাকার সম্পত্তির জন্য প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
২ আগস্ট বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষী নেওয়া শুরু হয় ৫ আগস্ট থেকে। শেষ হয় ৮ আগস্ট। এ মামলায় মোট ৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
ফারাজানা শাহজাহান সিরাজের ছেলে রাজিব সিরাজ অপুর স্ত্রী।
পুত্রবধুর মামলা ছাড়াও বিশেষ জজ আদালতে সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ,তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে ১১টি মামলার বিচার কাজ চলছে।
১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/২০২০ ঘ.
bdnews24