ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারাদেশে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে জনজীবনে বাড়ছে দুর্ভোগ। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগব্যাধি। ত্রাণসামগ্রীর অপ্রতুলতা নিয়েও অভিযোগ রয়েছে বন্যার্তদের।
বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় প্রায় সবগুলো নদীর পানি কমেছে। অবশ্য এখনও ১৩টি পয়েন্টে ১০টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কর্মরত পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আইনুল কবির বৃহস্পতিবার জানিয়েছেন, সবগুলো নদীর পানি কমতে থাকায় আশা করা যাচ্ছে আগামী ১০ দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ঢাকা ও এর আশপাশের নদীগুলোর পানিও কমতে শুরু করেছে। তবে এ অঞ্চলে পানি কমার হার একটু ধীর গতির।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকার ডেমরা পয়েন্টে বালু নদীর পানি ৮ সেন্টিমিটার ও নারায়ণগঞ্জ পয়েন্টে শীতলক্ষ্যা নদীর পানি ৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৭ ও ৩৪ সেন্টিমিটার ওপরে রয়েছে। মিরপুর পয়েন্টে তুরাগ, টঙ্গী পয়েন্টে টঙ্গী খালের পানিও কমতে শুরু করেছে। এই দুই পয়েন্টে পানি বিপদসীমার ৬৩ ও ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া কালিগঙ্গা, ধলেশ্বরী নদীর পানিও কমেছে। কালিগঙ্গা নদীর পানি তারাঘাট পয়েন্টে, ধলেশ্বরী নদীর পানি জায়গার ও রিকাবীবাজার পয়েন্টে ৯৪, ৯৯ ও ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
গঙ্গা অববাহিকার নদনদীগুলোর পানি কমার হারও অব্যহত আছে। তবে ভাগ্যকূল ও গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি এখনও বিপৎসীমার ৭৩ ও ৮৫ সেন্টিমিটার ওপরে রয়েছে।
মেঘনা অববাহিকার নদনদীগুলোর মধ্যে মেঘনা নদীর পানি ভৈরব বাজার পয়েন্টে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কংশ নদীর পানিও জারিয়াজনজিল পয়েন্টে বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
এদিকে, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধিরাও দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতির খবর দিয়েছেন। তবে বন্যার পানি কমার পাশাপশি তবে জনজীবনে দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগব্যাধি।
পাবনা প্রতিনিধি জানান, পদ্মা ও যমুনার পানি কমায় পাবনা জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বন্যা উপদ্রুত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত বিভিন্ন রোগ।
জেলা প্রশাসন জানিয়েছে, এবারের বন্যায় পানিতে ডুবে ও সাপের কামড়ে নয় জন মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫১ হাজার ৭৩৭ পরিবারের ২ লাখ ৪৬ হাজার ৬৫৩ জন মানুষ।
দুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ লাখ ৬০ হাজার টাকা ও ২৯৮ টন চাল বিতরণের কথা জানানো হয়েছে। অবশ্য বানভাসী মানুষ সাহায্যের এ পরিমাণকে অপ্রতুল দাবি করেছেন।
এদিকে বন্যার কারণে বন্ধ থাকা নগরবাড়ী-পাটুরিয়ার ফেরিঘাট ১৫ দিনেও চালু করা যায়নি।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে মেঘনার পানি এখনো বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দি।
জেলা প্রশাসন, যৌথবাহিনী ও বেসরকারি সংগঠনের উদ্যোগে জেলায় ত্রাণ তৎপরতা চলছে। বন্যায় এখন পর্যন্ত জেলায় পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শেরপুর প্রতিনিধি জানান, জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের দুর্ভোগ। সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ভাটিপাড়া ও চরপক্ষীমারী ইউনিয়নের বেপারিপাড়া, চুনিয়ার চর, ভাগলটি ও পুরনো ফেরিঘাট এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে।
বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে গবাদি পশুর খুরা ও গলা ফোলা রোগ এবং হাঁস-মুরগির মড়ক।
জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় জেলার পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়নের ৩২ হাজার ছয়শ পরিবারের এক লাখ ৬৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া প্রায় আড়াই হাজার হেক্টর আমন বীজতলাসহ আট হাজার ৮২২ হেক্টর ক্ষেতের ফসল নষ্ট হয়েছে।
ফেনী প্রতিনিধি জানান, নদ-নদীর পানি কমায় জেরায় বন্য পরিস্থিতির উন্নতি হচ্ছে। যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন বৃহস্পতিবার পরশুরাম পৌরসভা, ফুলগাজী ডাক বাংলো, ফেনী সদর উপজেলার শর্শদি ও ফেনী পৌরসভার বিভিন্ন গ্রামে বন্যাদুগর্ততদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামরিক-বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা বলেন, "প্রাকৃতিক দূর্যোগ আমাদের নিত্যসঙ্গী। এটি মোকাবিলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকদের এগিয়ে আসতে হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সব রকম সহায়তা দেওয়া হবে।"
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় বন্যার পানিতে ডুবে আটজন ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন মারা গেছে।
পানিতে ডুবে নিহতরা হল- কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের সজিব (৮), হালুয়াকান্দি গ্রামের রাকিব (৬), চরট্যাংরাইল গ্রামের লিজা (৬), কাজীপুর উপজেলার মাছয়াকান্দি গ্রামের আসমা (৯), মাইজবাড়ী গ্রামের আকমল (৫০), দ্ররগীরিস গ্রামের সুখীতন (৪৫), খাসরাজবাড়ী গ্রামের সোহাগ (৪) ও উল্লাপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের সেলিনা (২)।
এছাড়া ডায়রিয়ায় মারা গেছে কাজীপুরের চরমাথাইল গ্রামের আখী (৩ মাস)।
সিরাজগঞ্জ জেলা পয়েন্টে যমুনা নদরি পানি গত ২৪ ঘণ্টায় ২৪ সেন্টিমিটার কমেছে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, বন্যার পানি কমার পাশাপাশি জেলায় ব্যাপক হারে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায় এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪২ জন।
পানিবাহিত রোগে আক্রান্তদের জন্য স্বাস্থ্যবিভাগ পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন বরাদ্দের দাবি করলেও বন্যার্তরা দাবি করেছেন তাদের কাছে এসব পৌঁছায়নি।
এদিকে, কৃষি, মৎস্য ও পশুসম্পদ উপদেষ্টা ড. সিএস করিম বৃহস্পতিবার চিলমারী উপজেলার রমনাঘাট এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। বৃহস্পতিবার গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি আগের দিনের চেয়ে ১৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল।
জেলার বন্যা দুর্গতদের মাঝে প্রশাসন, সেনাবাহিনী ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ত্রাণ বিতরণ শুরু করেছে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নয়দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে দৌলতদিয়ার এক নম্বর ফেরি ঘাটটি চালু হয়েছে।
এ ঘাটটি চালু হওয়ায় তিনটি ফেরিঘাট দিয়েই এখন স্বাভাবিকভাবে যানবাহন পারাপার শুরু হয়েছে।
শরীয়তপুর প্রতিনিধি জানান, পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি কমলেও শুরেশ্বর পয়েন্টে এখনো তা বিপৎসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা সদরের সঙ্গে পাঁচ উপজেলার সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। বন্যা কবলিত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট চলছে। এছাড়া বেড়ে চলেছে পানিবাহিত রোগ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসএনডি/১৪৪৪ ঘ.
bdnews24