ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ৯ দিন ধরে একবুক পানিতে তলিয়ে ছিল পুরো সিরাজগঞ্জ শহর। এখন পানি নামতে শুরু করেছে। সেইসঙ্গে শুরু হয়েছে খাবার, বিশুদ্ধ পানি আর ওষুধের জন্য হাহাকার। ভেঙে যাওয়া রাস্তাঘাট আর ব্রিজ-কালভার্টগুলো হয়তো আরও অনেকদিন এবারের বন্যার সাক্ষ্য বহন করবে।
সিরাজগঞ্জ শহরে পানি ঢোকা শুরু করে গত ১৭ জুলাই। পানি নামতে শুরু করে আগস্টের ৪ তারিখ থেকে। দু'তিন দিন আগেও কোমরজলে ডুবে থাকা মূল সড়কগুলোতে এখন পানি নেই। তবে মাড়োয়ারি পট্টি, মুজিব সড়ক, দরগাহ রোডে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর মাজার, হযরত শাহ সুফী আফজাল মাহমুদ (র.) এর দরগা এলাকায় হাঁটু পানি রয়ে গেছে। সদর থানার ভেতরে গিয়ে দেখা গেল, হাঁটু পানিতে রবারের স্যান্ডেল পায়ে কর্তব্য পালন করছেন পুলিশ সদস্যরা। শহরের স্কুল কলেজগুলো এখনও খোলেনি। পানি পুরোপুরি না সরায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারছেন না অনেকে।
জেলার ৮২টি ইউনিয়নের মধ্যে ৮০টিই প্লাবিত হয়েছে এবারের বন্যায়। কোনো কোনো এলাকার পাকা রাস্তার ওপর দিয়ে এখনো নৌকা চলছে। বৈদ্যুতিক তারের নিচ দিয়ে নৌকা না চালানোর অনুরোধ জানিয়ে মাইকিং করছে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি। নয়দিন পানির স্রোতের সঙ্গে যুদ্ধ করে পিচ আর পাথরের আস্তরণ উঠে গিয়ে ক্ষতবিক্ষত রূপ পেয়েছে রাস্তাগুলো। রাস্তার মাঝে বিভিন্ন স্থানেই ছোটো বড় গর্ত। কোথাও তা ছোটখাটো জলাধারের আকার নিয়েছে। তাই যানবাহন চলছে খুব ধীরে, ঝাঁকি খেতে খেতে।
শহরের খলিফাপট্টিতে ব্যবসায়ী আবু তালহার ফোন ফ্যাক্সের দোকানের সামনে রাস্তাতেও এরকম একটি বড় গর্ত। গর্তে গাড়ির চাকা পড়লেই পানি ছিটকে লাগে দোকানের কাচে। হতাশ তালহা বললেন, "এই রাস্তা কবে মেরামত হবে তার কোনও ঠিক নেই। আপনারা সরকারকে বলেন, যেন আমাদের কষ্টটা একটু দেখে।"
খলিফাপট্টির বাজার এলাকা ঘুরে দেখা গেল দোকানগুলোর মেঝে থেকে কাদা সরানো হচ্ছে, মালপত্র রোদে শুকানো হচ্ছে। পানি সরে যাওয়ায় ব্যবসায়ীরা আবার দোকান খুলতে শুরু করেছেন।
সিরাজগঞ্জের শাহেদনগর এলাকায় পুরাতন বগুড়া রোডের প্রায় ৫০ ফুট রাস্তা বন্যার পানির তোড়ে ভেঙে গেছে। শহরতলীয় বাসা-বাড়িগুলোতে এখনও হাঁটু পানি। নৌকা ছাড়া যাতায়াতের কোনও উপায় নেই।
'শাহেদনগর ব্যাপারী' পাড়ার তোতা বানু বললেন, "আমার ভাই শাহেদের নামে এই এলাকার নাম হইছে শাহেদ নগর। তার বোন হয়েও আমি খাবার পাই না। দুইদিন পাঁচ সের করে চাল পেয়েছিলাম। তারপর আর কেউ খাবার নিয়ে আসেনি।"
পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনারের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।
তোতা বানুর মেয়ে মীনা খাতুন জানালেন, চারটি বাচ্চা নিয়ে তিনি বিপদে পড়ে গেছেন। রাস্তাঘাট ভাঙা, বাজারও বন্ধ। তাই ভ্যানচালক স্বামীর উপার্জনও পুরোপুরি বন্ধ। ত্রাণের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হচ্ছে পুরো পরিবারটিকে। কোথাও ত্রাণ দেওয়ার খবর পেলেই পুরো পরিবার ছুটে যাচ্ছেন সেখানে।
এদিকে পানি কমতে শুরু করার পর বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ শুরু হয়েছে। মীনা খাতুন জানালেন, তার কোলের বাচ্চাটা কয়েকদিন ধরে পায়খানা আর বমি করে এখন একটু সুস্থ। স্যালাইন আর ওষুধ যোগাতে না পেরে বাচ্চাকে চাল ধোয়া পানি আর ভাতের মাড় খাইয়ে রেখেছেন বলে জানালেন তিনি।
শহীদগঞ্জ এলাকার ওষুধের দোকানের মালিক আইয়ুব আলী রাজু জানালেন, স্যালাইন আর ডায়রিয়ার ওষুধের বিক্রি বেড়ে গেছে। হাতে-পায়ে চুলকানি নিয়ে মানুষ ডাক্তারের কাছে আসছে। জ্বর আর ঠাণ্ডার ওষুধও আগের চেয়ে বেশি বিক্রি হচ্ছে।
পেটের পীড়া নিয়েও মো. সবুজ ঘোরাঘুরি করছিলেন ওষুধের আশায়। তিনি জানালেন, কয়েকদিন আগে পাওয়া ত্রাণের প্যাকেটে দুই প্যাকেট স্যালাইন আর কিছু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পেয়েছিলেন তিনি। সেগুলো শেষ হয়ে গেছে দুদিন আগেই।
সবুজ বলেন, "বাড়ির টিউবওয়েলটা পানিতে ডুবে গেছিল। এখনও সেখান থেকে নোংরা পানি উঠছে। খাবার পানি আনতে হচ্ছে অন্য মানুষের বাড়ি থেকে। টয়লেটটাও পানিতে ডুবে গেছে। এখন পেটের অসুখের জন্য ডাবের পানি আর ভিজা চিড়া খাচ্ছি বাড়ির সবাই।"
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আশ্রয় নিয়েছে ঘরবাড়ি ডুবে যাওয়া শতাধিক পরিবার। শহরের বিভিন্ন এলাকা থেকে এখানে এসে ঠাঁই নেওয়া ফর্সাদী বেওয়া, মাজেদা খাতুন, শহীদা খাতুন, খায়রুন বেগম জানান, গত ৮/১০ দিন হলো তারা এখানে এসে উঠেছেন। এর মধ্যে ত্রাণ জুটেছে কেবল একদিন। কাজ-কর্ম নেই বলে আয়-রোজগারও বন্ধ।
খায়রুন বেগম জানান, তার মেয়ে দুদিন ধরে বমি আর পায়খানা করছে। কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকেও কোনও ওষুধ পাননি তিনি।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ইব্রাহিম খলিল জানান, সিরাজগঞ্জ জেলার ১ লাখ ৯০ হাজার পরিবারের ৯ লাখ ১২ হাজার মানুষ এবারের বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর ও কাজীপুর উপজেলা। পুরো জেলায় প্রায় ১৭ হাজার বাড়ি-ঘর সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। জেলার ৪৪৯টি আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৩৫ হাজার মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬৮৫ হেক্টর আবাদি জমি। ২ হাজার ৩শ' হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। রাস্তা ভেঙে যাওয়ায় কাজীপুর উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি আরো জানান, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট জেলায় ২৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার পর্যন্ত পুরো জেলায় ২৮৭ জনের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ৯৯টি মেডিক্যাল টিম দিন-রাত কাজ করে যাচ্ছে। দুর্গতদের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে এবং টিউবওয়েলগুলো উঁচু করা হচ্ছে। এছাড়া তথ্য বিভাগ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রচারণা চালাচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২২১৪ ঘ.
bdnews24