২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার ৩ মামলা খারিজ আবেদন শুনানি ২১ আগস্ট পর্যন্ত মুলতবি

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিগ-২৯ বিমান ও ফ্রিগেট ক্রয় এবং মেঘনা ঘাট পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দুর্নীতি মামলা খারিজ আবেদনের শুনানি আগামী ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ, শেখ হাসিনার পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ তারিখ নির্ধারণ করেন। মধাহ্ন বিরতির কিছু আগে অ্যাডভোকেট মাহবুবে আলম মিগ মামলায় শেখ হাসিনার পক্ষে সময় চেয়ে আবেদন জানান। তিনি আদালতকে জানান, প্রয়োজনীয় প্রস্তুতির জন্য কিছু কাগজপত্র দরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 09:42 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিগ-২৯ বিমান ও ফ্রিগেট ক্রয় এবং মেঘনা ঘাট পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দুর্নীতি মামলা খারিজ আবেদনের শুনানি আগামী ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ, শেখ হাসিনার পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ তারিখ নির্ধারণ করেন। মধাহ্ন বিরতির কিছু আগে অ্যাডভোকেট মাহবুবে আলম মিগ মামলায় শেখ হাসিনার পক্ষে সময় চেয়ে আবেদন জানান। তিনি আদালতকে জানান, প্রয়োজনীয় প্রস্তুতির জন্য কিছু কাগজপত্র দরকার। ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশন থেকে এসব কাগজপত্র তলব করার জন্য অ্যাডভোকেট মাহবুবে আলম আদালতে দরখাস্ত দেন এবং সময় আবেদন করেন। আদালত পরবর্তী শুনানির জন্য ২১ আগস্ট তারিখ নির্ধারণ করেন। অন্য দুটি মামলাও সেদিনের কার্যতালিকায় থাকবে। এর আগে শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ মিগ-২৯ দুর্নীতি মামলা খারিজ আবেদনের শুনানিতে অংশ নেন। এ মামলার আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। অন্য দু'টি মামলা কার্যতালিকায় থাকলেও তার শুনানি হয়নি। ব্যারিস্টার শফিক পরে সাংবাদিকদের বলেন, তিনি আদালতের সামনে মামলার এজাহার ,অভিযোগপত্র ও অন্যান্য কাগজ উপস্থাপন করেছেন। তিনি বলেন, "এজাহার বা অভিযোগপত্রে আইনের যে উপাদান থাকা দরকার তা নেই। আর শেখ হাসিনা অসৎ উদ্দেশ্যে এটা করেছেন তাও বলা যাবেনা। প্রধানমন্ত্রীর সামনে শুধুমাত্র বিষয়ের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছিল।" মামলার জন্য কি কাগজপত্র দরকার জানতে চাইলে অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশন থেকে মামলার কাগজপত্র আনা প্রয়োজন। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে মিগ-২৯ এর মূল্য অধিকাংশ পরিশোধ করা হয়েছিল। বিএনপি সরকার বাকি টাকা পরিশোধ না করায় রুশ সরকার ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশন-এ মামলা করে। সে মামলায় লড়তে বাংলাদেশ থেকে আইনজীবীও পাঠানো হয়। আইনজীবীর পরামর্শে বিএনপি সরকার ওই মামলায় আপোস করে নেয় এবং বাকি টাকা পরিশোধ করে । এই মামলার কাগজপত্র তলব করার জন্য তিনি আদালতে দরখাস্ত দেন। মিগ-২৯ বিমান কেনায় দুর্নীতির অভিযোগে ২০০১ সালের ১২ ডিসেম্বর তৎকালীন দুনীতি দমন ব্যুরো তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল অব জামাল উদ্দিন আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে। ২০০৩ সালে মামলাটি বিচারের জন্য নিু আদালতে আসে। ওই বছরই শেখ হাসিনাসহ অন্যরা জামিন লাভ করেন এবং মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। এর প্রেক্ষিতে আদালত রুল দেন এবং মামলার কার্যক্রম স্থগিত করেন। চলতি বছর সরকারের আবেদনের প্রেক্ষিতে এটি পুনরুজ্জীবিত হয়। ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরো শেখ হাসিনা ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব:) নুরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে ফ্রিগেট কেনায় দুর্নীতির মামলা করে। আর মেঘনা ঘাট পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দুর্নীতি মামলা দায়ের করা হয় ২০০১ সালের ১১ ডিসেম্বর। এ দু'টি বাতিলের জন্যই শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট মামলা বাতিল কেন করা হবেনা মর্মে রুল দেন। সে রুলের শুনানিই এখন চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমআইএম/এসকে/১৫২৮ ঘ.