২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভোটার তালিকার কাজ এ মাসেই শুরু

রাউজান ও সীতাকুন্ড পৌরসভায় ভোটার তালিকা তৈরির মাধ্যমে শুরু হবে চট্টগ্রামে ভোটার তালিকার কাজ। এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে কাজ শুরুর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা নির্বাচন কার্যালয়। এ দুটি পৌরসভার কাজ শেষ হওয়ার পর একযোগে চট্টগ্রাম নগরী ও সব উপজেলার ভোটার তালিকার কাজ শুরু হবে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। নির্বাচন কর্মকর্তা জানান, রাউজান ও সীতাকুন্ড পৌরসভায় ভোটার তালিকা তৈরির কাজের প্রস্তুতি নিচ্ছে জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়। এ জন্য আগামী ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত রাউজানে এবং ১৩ থেকে ১৫ সীতাকুন্ডে তথ্য সংগ্রহকারী এবং তত্ত্বাবধায়কদের প্রশিক্ষণ দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 08:03 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

চট্টগ্রাম, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাউজান ও সীতাকুন্ড পৌরসভায় ভোটার তালিকা তৈরির মাধ্যমে শুরু হবে চট্টগ্রামে ভোটার তালিকার কাজ। এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে কাজ শুরুর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা নির্বাচন কার্যালয়। এ দুটি পৌরসভার কাজ শেষ হওয়ার পর একযোগে চট্টগ্রাম নগরী ও সব উপজেলার ভোটার তালিকার কাজ শুরু হবে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। নির্বাচন কর্মকর্তা জানান, রাউজান ও সীতাকুন্ড পৌরসভায় ভোটার তালিকা তৈরির কাজের প্রস্তুতি নিচ্ছে জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়। এ জন্য আগামী ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত রাউজানে এবং ১৩ থেকে ১৫ সীতাকুন্ডে তথ্য সংগ্রহকারী এবং তত্ত্বাবধায়কদের প্রশিক্ষণ দেওয়া হবে। দুলাল তালুকদার আরও জানান, সীতাকুন্ডে ৮২ জন তথ্য সংগ্রহকারী ও ১৯ জন তত্ত্বাবধায়ক এবং রাউজানে ১৬২ জন তথ্য সংগ্রহকারী ও ৩৪ জন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। এসব তথ্য সংগ্রহকারীদের অধিকাংশই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, "নতুনভাবে ভোটার তালিকা তৈরির জন্য ঢাকায় জেলা নির্বাচন কর্মকর্তাদের গত সোমবার ও মঙ্গলবার দুইদিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেখানে নতুন ফরমসহ সকল বিষয় বিস্তারিতভাবে জেলা নির্বাচন কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়।" এ সব জেলা নির্বাচন কর্মকর্তারা মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও তত্ত্বাবধায়কদের করণীয় বিষয়গুলো বিস্তারিত বুঝিয়ে দেবেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে নতুন ভোটার তালিকা তৈরির প্রাথমিক কাজ শুরু করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রথমে এ দুটি পৌরসভায় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ফরম বিতরণ করবেন। পরবর্তীকালে ভোটারদের ছবি তোলার কাজ শুরু হবে। ভোটার ফরম বিতরণ ও তথ্য সংগ্রহের কাজটি করবে জেলা নির্বাচন অফিসের নিয়োগ করা তথ্য সংগ্রহকারীরা। ছবি তোলা এবং ডাটাবেজ তৈরির কাজে কারিগরি সহায়তা দেবে সেনাবাহিনী। দুলাল তালুকদার জানান, ছবি তোলা ও ডাটাবেজ তৈরির জন্য স্থানীয় অপারেটরদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেনাবাহিনী এ দুটি পৌরসভায় অপারেটরদের যাচাই, বাছাই ও প্রশিক্ষণের কাজ শিগগিরই শুরু করবে। তিনি জানান, এই প্রশিক্ষণের পাশাপাশি ভোটারদের প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার কাজ শুরু করবেন। বাতিল হয়ে যাওয়া ভোটার তালিকা অনুযায়ী সীতাকুন্ড পৌরসভায় ২৪ হাজার ৬৪ জন ভোটার ছিলেন। অন্যদিকে, রাউজান পৌরসভায় এ সংখ্যা ছিল ৪৯ হাজার ৩০৫। সীতাকুন্ড পৌরসভার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমান পৌরসভার মেয়াদ এ বছরের ১৬ জুলাই শেষ হয়েছে। অপরদিকে, রাউজান পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৪ সালের অক্টোবর মাসে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/এসকে/১৩৫৭ ঘ.