খুলনা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনায় বন্ধ হয়ে যাওয়া পিপলস জুট মিলের তিন হাজারেরও বেশি শ্রমিকের মধ্যে ৬৫০ জনের বকেয়া পাওনা মঙ্গলবার পরিশোধ করেছে কর্তৃপক্ষ।
বাকিদেরও চেকের মাধ্যমে পর্যায়ক্রমে পাওনা পরিশোধ করা হবে।
এদিকে, ২৬০ টাকার পরিবর্তে ১১০ টাকা মজুরি দেওয়ার প্রতিবাদে প্লাটিনাম জুবিলি জুট মিল এবং দুই সপ্তাহের মজুরি বকেয়া থাকায় স্টার জুট মিলের শ্রমিকরা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।
পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পিপলস জুট মিলের ৬৫০ শ্রমিকের ১৫ সপ্তাহের মজুরি বাবদ এক কোটি টাকা মঙ্গলবার দেওয়া হয়েছে। এখানকার তিন হাজারের বেশি শ্রমিকের পাওনা পর্যায়ক্রমে মেটানো হবে।
মঙ্গলবার বিকেলে চেকের মাধ্যমে পাওনা মেটানোর সময় পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেনসহ জেলা প্রশাসক এস এম ফিরোজ আলম, বিজেএমসির মহাব্যবস্থাপক আবু তাহের, উপ মহাব্যবস্থাপক নলিনী রঞ্জন রায়, পিপলস জুট মিলের প্রকল্প প্রধান ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে মজুরি কম দেওয়ায় প্রতিবাদে প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিকরা গত শনিবার থেকে শুরু করা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।
দুই সপ্তাহের মজুরি বকেয়া থাকায় স্টার জুট মিলের শ্রমিকরাও কর্মবিরতি পালন করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচ/এসএনডি/২২৪০ ঘ.
bdnews24