২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাওয়াতে যাওয়া সিলেটের সেই আ'লীগ নেতাদের বিরুদ্ধে আবার মামলা

রাজনৈতিক আলাপচারিতার অভিযোগে গত ১৪ মে সিলেটে গ্রেপ্তার হওয়া ৪০ আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে ২৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 04:26 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

সিলেট, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক আলাপচারিতার অভিযোগে গত ১৪ মে সিলেটে গ্রেপ্তার হওয়া ৪০ আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে ২৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এদের আটকাদেশ হাইকোর্ট অবৈধ ঘোষণা করার পর মঙ্গলবার সিলেট কোতয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন থানার উপ পরিদর্শক আব্দুল হামিদ। মামলার আসামিরা হলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর যুবলীগ সভাপতি সৈয়দ শামীম আহমদ, মহানগর ছাত্রলীগ আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, জেলা ছাত্রলীগ সভাপতি জগলু চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মালিক, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক নাসির উদ্দিন খাঁন, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দ আবুল কাশেম, আব্দুর রহিম আবু সাইদ চৌধুরী, ফারুক চৌধুরী, ইয়াহিয়া আহমদ, যুক্তরাজ্য যুবলীগ নেতা মুহাহিদ আলী সুহেল, অরুন উদয় পাল চঞ্চল, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান, সিলেট মহানগর যুবলীগ নেতা আসাদুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য সামছুল ইসলাম মিলন, সিলেট এম সি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম টিপু, মহানগর ছাত্রলীগ সদস্য ইউসুফ আলী, ওসমানী নগর যুবলীগ নেতা অজয় দেব ও ওসমানী নগর থানা ছাত্রলীগ সভাপতি সেলিম রেজা। ১৪ মে সিলেট সদর উপজেলার খাদিম পাড়া ইউনিয়নের পীরের বাজার এলাকার যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরীর ভাতিজার বাড়িতে দাওয়াত খেতে গিয়ে রাজনৈতিক তৎপরতা চালানোর অভিযোগে ১০ প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় তাদের কারাগারে পাঠিয়ে দেন ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহ। আটককৃতরা পরে হাইকোর্টে আবেদন করলে আদালত ২২ মে তাদের জামিনে মুক্তির নির্দেশ দেন। কিন্তু এর পরপরই শফিকুর রহমান চৌধুরীসহ ১৪ জনকে এক মাসের আটকাদেশ দেয় সরকার। এ কারণে ৪০ নেতাকর্মীর মধ্যে ২৫ জন ২৪ মে সিলেট কারাগার থেকে মুক্তি পান। যুবলীগ নেতা আব্দুর রকিবকে আরেকটি মামলায় এ সময় আটক দেখানো হয়। কারাগারে থাকা নেতাকর্মীরা আবারো হাইকোর্টে রিট মামলা করলে বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচাপতি সৈয়দ মোহম্মদ জিয়াউল করিমের বেঞ্চ সরকারকে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য রুল জারি করে। এরপর ২২ জুন কারাবন্দি ১৪ জনকে ৩ মাসের আটকাদেশ দেয় সরকার। কিন্তু ২৬ জুলাই হাইকোর্ট এ আদেশকেও অবৈধ ও এখতিয়ার বহির্ভূত বলে ঘোষণা করে। আদালতের রায়ের পর আটক ১৪ নেতাকর্মীসহ আরও নয় প্রবাসী আওয়ামী লীগ নেতাকে আসামি করে আবারো মামলা করল পুলিশ। মামলা দায়েরের কথা স্বীকার করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর নূর জানান, জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়েছে। প্রসঙ্গত প্রবাসী আওয়ামী লীগ নেতাদের অনেকেই শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য থেকে দেশে এসেছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/জিএনএ/২২২৪ ঘ.