ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোববার রাতে কচু দিয়ে এক থালা ভাত খেয়েছিলেন ইয়াতন বেগম (৪৫)। এরপর পেটে দানাপানি কিছুই পড়েনি। বিশ দিন ধরে পানিবন্দি আছেন অথচ ত্রাণের দেখা মেলেনি। ক'বছর আগে স্বামী মারা যাওয়ার পর সম্বল ছিল তার দুই ছেলে। তাদের ভরণ পোষণেই পেটে দানাপানি কিছু একটা পড়তো অন্তত। তবে বন্যায় কাজ না পাওয়ায় সেটিও 'নাই' হয়ে গেছে।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের কৃষ্ণপুর পাটিতাপাড়া গ্রামের ইয়াতন বেগম এভাবেই তার দুর্ভোগের চিত্র তুলে ধরেন। একই অবস্থা হাজেরা, আমেনা, দেলোয়ার ও শাহ আলমদের। যমুনা তীরের ওই এলাকায় এখনো পর্যন্ত কোনও ত্রাণ সামগ্রী পৌঁছেনি বলে জানান তারা।
সারাদেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রকোপ। পরিস্থিতি মোকাবেলায় জেলায় জেলায় গঠন করা হয়েছে মেডিকেল টিম। তবে ত্রাণের অপ্রতুলতায় রোগবালাইয়ের চেয়ে খাদ্যাভাবই এখন প্রকট। বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে কয়েকজন উপদেষ্টা মঙ্গলবার বন্যা কবলিত বিভিন্ন জেলায় যান। তারা বন্যার ক্ষয়ক্ষতির খোঁজ খবর এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
এদিকে, দেশের উত্তরাঞ্চলে নদীর পানি কমতে শুরু করলেও ঢাকার নদনদীগুলোতে মঙ্গলবার পানি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী দু একদিনের মধ্যেই এ অঞ্চলের নদনদীর পানিপ্রবাহ কমে আসবে বলে দাবি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
মঙ্গলবার পর্যন্ত সরকারি হিসাবে সারাদেশে বন্যায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। ৩৮টি জেলার ২৩৫টি উপজেলার এক হাজার ৭৭১টি পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এখন বন্যা কবলিত।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৯১ লাখ ৭ হাজার ৩৭৯ জন। বন্যা কবলিত এলাকার ৮৯ হাজার ৪৮টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং ছয় লাখ ৫৮ হাজার ৫৯৪টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বানভাসি মানুষের জন্য মোট এক হাজার ৫১৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যাতে ঠাঁই নিয়ে আছে তিন লাখ ৫৮ হাজার ৯০ জন। বন্যায় এ পর্যন্ত দেশের সাত লাখ ৯৩ হাজার ১৪০ একর জমির ফসল সম্পূর্ণ এবং ছয় লাখ ৫৬ হাজার ১৮৭ একর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যার কারণে সারাদেশে প্রায় ১৭ হাজার ৪৬৩ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা চার হাজার ৮৯৩টি।
নদনদীর অবস্থা : বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার জানিয়েছে, বুড়িগঙ্গা নদীর পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেমরা পয়েন্টে বালু নদীর পানি তিন সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া শীতলক্ষ্যা নদীর পানি নারায়ণগঞ্জ পয়েন্টে তিন সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মিরপুর পয়েন্টে তুরাগ নদীর পানি ১২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬০ সেমি ওপরে রয়েছে। টঙ্গী পয়েন্টে টঙ্গী খালের পানি ১০ সেমি বেড়ে বিপদসীমার ৭৪ সেমি ওপর দিয়ে বইছে।
অন্যদিকে কালিগঙ্গা নদীর পানি তারাঘাট পয়েন্টে নয় সেমি কমলেও বিপদসীমার ১২৮ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাজির ও রিকাবীবাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি যথাক্রমে তিন ও ছয় সেন্টিমিটার কমে বিপদসীমার যথাক্রমে ১১৭ ও ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রামে গতকালের চেয়ে নদীর পানি ২৫ সেন্টিমিটার কমেছে। একইসঙ্গে তিস্তা নদীর পানি ডালিয়া, গাইবান্ধা ও বগুড়া পয়েন্টে যথাক্রমে ১০, ৭ ও ১২ সেন্টিমিটার কমেছে। নুনখাওয়া ও চিলমারীতে ব্রহ্মপুত্র নদীর পানি যথাক্রমে ৩৫ ও ৩০ সেন্টিমিটার কমেছে।
পদ্মা নদীর পানি গোয়ালন্দ ও ভাগ্যকুল পয়েন্টে একদিনে ১৪ ও ৭ সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার যথাক্রমে ১২৩ ও ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে ২৫ সেন্টিমিটার কমেছে। সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি যথাক্রমে ১৯ ও ১০ সেন্টিমিটার কমলেও বিপদসীমার যথাক্রমে ৬০ ও ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পুরানো ব্রহ্মপুত্র নদীর পানি জামালপুর ও ময়মনসিংহ পয়েন্টে যথাক্রমে ২৪ ও ৮ সেন্টিমিটার কমেছে।
মেঘনা অববাহিকায়ও নদীর পানি কমেছে। কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি সোমবারের চেয়ে ৩২ সেন্টিমিটার কমে বিপদসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জারিয়া জানজাইল পয়েন্টে কংশ নদীর পানি ১৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘনা নদীর পানি ভৈরববাজার পয়েন্টে ৫ সেন্টিমিটার কমলেও বিপদসীমার ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মেঘনা নদীর পানি চাঁদপুর পয়েন্টে অপরিবর্তিত রয়েছে এবং বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর
bdnews24