ফরিদপুর, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বন্যা মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি আছে বলে জানিয়েছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন ।
উপদেষ্টা বলেছেন, বন্যা হলেও না খেয়ে কেউ মারা যাবে না। পানি নেমে গেলেই পুনর্বাসনের কাজ শুরু করা হবে।
মঙ্গলবার ফরিদপুরের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় আইন ও তথ্য উপদেষ্টা একথা বলেন।
মইনুল বলেন, "আমরা বিদেশী সাহায্য চাইনি। তবে বন্ধুপ্রতিম দেশগুলো সাহায্য দেওয়ার প্রস্তাব দিয়েছে।"
তিনি আরও বলেন, "রাজনীতিবিদরাই শ্রেষ্ঠ সমাজ কর্মী। তারা মানুষের কল্যাণে নিবেদিত বলেই তাদের পরিচিতি আছে। তাই তাদের কোনোও ব্যানারের প্রয়োজন নেই।"
মঙ্গলবার দুপুরে ব্যারিস্টার মইনুল ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে বেসরকারি সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এফডিএ)'র ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে উপদেষ্টা পার্শ্ববর্তী ধলার মোড় এলাকায় নির্মিতব্য শহররক্ষা প্রকল্পের কাজ পরিদর্শন করেন। তিনি বিকেলে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৯০৪ ঘ.
bdnews24