ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতৈক্য পৌঁছেছে বাংলাদেশ ও ভারত। গত বৃহস্পতি ও শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে দু'দিনব্যাপী বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ মতৈক্য হয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, উভয় দেশের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় প্রাতিষ্ঠানিক কৌশল এবং প্রয়োজনীয় তথ্য বিনিময়ের মাধ্যমে সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের মোকাবেলা করা হবে। দু'দেশের যুগ্ম-সচিব পর্যায়ে ওয়ার্কিং গ্র"প গঠনের মাধ্যমে এ সহযোগিতা কার্যক্রম ত্বরাম্বিত করা হবে।
সন্ত্রাসবাদকে উভয় দেশের জন্য প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করে বৈঠকে সিদ্ধান্ত হয় দু'দেশ তাদের ভূখণ্ডে কোনো ধরণের সন্ত্রাসবাদী কার্যক্রম চলতে দেবে না। এ বিষয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ছাড়াও অন্যান্য সংস্থা পর্যায়ে তথ্য বিনিময় করা হবে। দু'দেশে পালিয়ে থাকা সন্ত্রাসীদের বিষয়ে তথ্য পেলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে উভয় দেশ একমত পোষণ করে।
ঢাকা ও কলকাতার মধ্যে ট্রেন চালুর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। যত তাড়াতাড়ি সম্ভব এ ট্রেন চালুর বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করে।
এছাড়া বৈঠকে যৌথ নৌ-টহল পরিচালনার প্রস্তাব দিয়েছে ভারত । নৌ-টহল জোরদার করার স্বার্থে প্রয়োজনে ভারত বাংলাদেশকে টহলযান সরবরাহ করবে।
উভয় দেশের পুলিশের আধুনিকায়নে সহায়তার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশ পুলিশের দক্ষতা বাড়াতে ভারত প্রশিক্ষণ সহায়তার প্রস্তাব দিয়েছে।
২০০৬ সালে সম্পাদিত চুক্তির আওতায় উভয় দেশ মাদক চোরাচালান দমনে সহায়তা বাড়াতে সম্মত হয়েছে। গত মে মাসে উভয় দেশের যৌথ ছিটমহল পরিদর্শন ও ফেব্র"য়ারিতে বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়।
দু'দিনব্যাপী বৈঠকে বাংলাদেশের ১৭ সদস্যের দল অংশগ্রহণ করে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম। ভারতীয় পক্ষে ২৬ সদস্যের দল বৈঠকে অংশগ্রহণ করে। সেদেশের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব মাধুকর গুপ্ত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচ/এসকে/১৭৫৫ ঘ.
bdnews24