২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও জামিন পেলেন হাসিনা, দুদকের নোটিশ স্থগিত

ব্যবসায়ী আজম জে চৌধুরীর মামলার পর এবার নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন শেখ হাসিনা। একইসঙ্গে একই আদালত শেখ হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যক্রম স্থগিত করে দিয়েছে। শেখ হাসিনার আলাদা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমানের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 11:42 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আজম জে চৌধুরীর মামলার পর এবার নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন শেখ হাসিনা। একইসঙ্গে একই আদালত শেখ হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যক্রম স্থগিত করে দিয়েছে। শেখ হাসিনার আলাদা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমানের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। ব্যবসায়ী নূর আলীর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিবসহ তিনজনকে রুল জারির পাশাপাশি নিম্ন আদালতে মামলাটির বিচার কার্যক্রমও স্থগিত করেছে হাইকোর্ট। চাঁদাবাজি মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে ও জামিন চেয়ে শেখ হাসিনার পক্ষে গত রোববার হাইকোর্টে রিট আবেদন করা হয়। মঙ্গলবার এর শুনানিতে শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেন, ১৯৯৯ সালের ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটি গত ১৩ জুন দায়ের করা হয়েছে। পরে ১৬ জুলাই গ্রেপ্তার করা হয় শেখ হাসিনাকে। মামলাটির তদন্ত ছাড়াই ওই দিন জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগপত্র দেওয়ার আগেই মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা বেআইনি। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ বলেন, এ রকম একটি মামলা আপিল বিভাগের আদেশে ১৪ আগস্ট পর্যন্ত স্থগিত আছে। সেই মামলায় সরকার নিয়মিত আপিল করবে। ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো আদেশ না দিতে আদালতকে অনুরোধ করেন তিনি। তিনি আরও বলেন, তদন্ত করার সময় জরুরি ক্ষমতা আইন প্রয়োগ করা যায়। পুলিশ প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি দোষী কিনা। শুনানি শেষে আদালত শেখ হাসিনার জামিন মঞ্জুর করে মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। এদিকে, হাইকোর্টের একই বেঞ্চ সম্পত্তির হিসাব চেয়ে শেখ হাসিনার কাছে পাঠানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যক্রমও স্থগিত করে দিয়েছে। এ নোটিশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দুদকের চেয়ারম্যান, সচিবসহ ছয় জনকে জানাতে বলেছে আদালত। দুদকের পাঠানো নোটিশের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পক্ষে দায়ের করা রিট আবেদনের শুনানিতে তার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেন, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী অনুসন্ধান ও তদন্ত না করেই নোটিশ দিয়েছে। তিনি বলেন, দুদক চেয়ারম্যান দায়িত্বশীল ও দক্ষ লোক। কিন্তু সঠিকভাবে নির্দেশনা না পাওয়ায় তার ভুল হচ্ছে। ব্যারিস্টার রফিক উল হক আরও বলেন, গত ১৬ জুলাই হাসিনাকে গ্রেপ্তার করার পর ১৭ জুলাই এ নোটিশ দেওয়া হয়। হাসিনা তার সম্পত্তির হিসাব দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ও দুদকের কাছে হিসাব বিবরণী জানতে চেয়েছেন। কিন্তু তারা কোনো সহযোগিতা করেনি, উল্টো হাসিনা ও তার স্বামীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আদালতকে ব্যারিস্টার রফিক বলেন, হাত-পা বেঁধে কাউকে সাতার কাটতে বললে তিনি কীভাবে তা করবেন। শেখ হাসিনা কারাবন্দি, এজন্য কাগজপত্র না পেলে তার পক্ষে হিসাব দেওয়া সম্ভব নয়। জবাবে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার ১৮টি ব্যাংক হিসাব রয়েছে। বাংলাদেশ ব্যাংকে চিঠি না দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে দিলে তিনি হিসাব পেতে পারতেন। সালাউদ্দিন আহমেদ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ বা কোনো অন্তবর্তী আদেশ না দেওয়ার বিরোধিতা করে বলেন, বাংলাদেশ ব্যাংক হিসাব দিতে বাধ্য নয়। শেখ হাসিনার ক্ষেত্রে আইন মেনেই নোটিশ দিয়েছে দুদক। আদালত এ সময় বলে, অনুসন্ধান ও তদন্তের পর দদুক নোটিশ দিতে পারত। কিন্তু সে প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এভাবে নোটিশ দিতে হলে দুদকের আইন সংশোধন করতে হবে। এর আগে গত ৩০ জুলাই হাইকোর্টের একই বেঞ্চ ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা তিনকোটি টাকা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনাকে জামিন দেয়। আদালত সে সময় জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় মামলাটির কার্যক্রম স্থগিতেরও নির্দেশ দেয়। অবশ্য তেজগাঁও থানায় ব্যবসায়ী নূর আলীর দায়ের করা আরেকটি চাঁদাবাজি মামলায় ২৯ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানোর ফলে হাইকোর্ট থেকে জামিন পেয়েও মুক্তি পাননি হাসিনা। পরে গত ২ আগস্ট প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাসিনার জামিন সংক্রান্ত হাইকোর্টের আদেশ ১৪ আগস্ট পর্যন্ত স্থগিত করে দেয়। আপিল বিভাগের স্থগিতাদেশের পর শেখ হাসিনার আইনজীবী রফিক উল হক বিভিন্ন গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, সুপ্রিম কোর্ট ছাড়া অন্য কোথাও থেকে এমন আদেশ এলে বলা যেত এটি রাজনৈতিক প্রভাবে হয়েছে। তিনি এও বলেন, "স্থগিতাদেশের মাধ্যমে আপিল বিভাগ হাইকোর্টকে ধমক দিয়েছে"। গত ১৬ জুলাই ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় হাসিনাকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক ঘণ্টা পর আজম চৌধুরী ও নূর আলীর মামলা দুটি জরুরি বিধিমালায় অর্ন্তভুক্ত করা হয়। ফলে মামলা দুটিতে জামিন চাওয়ার সুযোগ হারান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমআইএম/এমএআর/আরএ/এসএনডি/১৮৩১ ঘ.