ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার্তদের জন্য ত্রাণ হিসেবে আড়াই লাখ কানাডীয় ডলার দেবে কানাডা সরকার। এছাড়া জীবন রক্ষাকারী রেশন প্যাক স্থানীয়ভাবে কেনার জন্য এক লাখ ৩৫ হাজার ডলার দেবে যুক্তরাষ্ট্র।
সোমবার এক সরকারি তথ্যবিবরণী ও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য বিবরণীতে জানানো হয়, কানাডার পররাষ্ট্রমন্ত্রী পিটার ম্যাককে সোমবার টেলিফোনে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীকে আড়াই লাখ কানাডীয় ডলার সাহায্যের প্রতিশ্র"তি দেন।
এই অর্থ বিভিন্ন কানাডীয় সাহায্য সংস্থার মাধ্যমে ব্যায় করা হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যার্তদের জন্য জীবন রক্ষাকারী রেশন প্যাক কেনার জন্য এক লাখ ৩৫ হাজার ডলার দেবে সেদেশের সরকার। ইউএসএইড এর সহযোগী সংস্থা কেয়ারের মাধ্যমে এসব রেশন প্যাক কেনা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ছয়টি জেলার ১৮ হাজার বন্যা দুর্গত মানুষের মাঝে এসব রেশন প্যাক বিতরণ করা হবে। এছাড়া জামালপুর ও সিরাজগঞ্জ শহরে প্রতিদিন ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহের জন্য তিনটি পানি শোধনাগার নির্মাণ করবে ইউএসএইড।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/জেকে/২১৫৪ ঘ.
bdnews24