ঢাকা, আগষ্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
নাসিম দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় হাজির না হওয়ায় সোমবার বিশেষ জজ আদালত--১ এর বিচারক মো. ফিরোজ আলম লায়লা আরজুমান্দকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে নির্দেশ দেন।
আরজুমান্দ বানুর আইনজীবীরা আদালতকে বলেন, আসামি অসুস্থ। তাই তিনি হাজির হতে পারেননি। এজন্য সাক্ষ্য গ্রহণ কয়েকদিন পিছিয়ে দেওয়া হোক। কিন্তু আদালত এ আবেদন নাকচ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত ২১ মার্চ মোহাম্মদ নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পত্তির হিসাব বিবরণীতে এক কোটি ১৬ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
এরপর কমিশনে দাখিল করা সম্পত্তির বিবরণীতে এক কোটি ৬০ লাখেরও বেশি টাকার হিসাব কম দেখানোর অভিযোগে নাসিম দম্পতির বিরুদ্ধে কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম অভিযোগপত্র দেন।
গত ১৯ জুলাই ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-১ এ পাঠানোর নির্দেশ দেন এবং একই সঙ্গে ২৩ জুলাই মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন। ওই দিন নাসিমের স্ত্রী অসুস্থ থাকায় শুনানির দিন পিছিয়ে দেয় আদালত।
২৬ জুলাই বিশেষ জজ আদালতে মামলাটির আভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/ ১৭৫০ ঘ.
bdnews24