২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতী শহীদ, ফিরোজ মাহমুদ ও কাইয়ুমের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, নড়াইলের সাবেক সাংসদ মুফতী শহীদুল ইসলাম ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 08:00 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, নড়াইলের সাবেক সাংসদ মুফতী শহীদুল ইসলাম ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। রমনা থানায় ডা. ফিরোজ, মোহাম্মদপুর থানায় মুফতী শহীদ এবং বাড্ডা থানায় আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে রোববার আলাদাভাবে মামলাগুলো করেন দুদকের তিন কর্মকর্তা। রমনা থানায় ডা. ফিরোজ এর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী মামলাটি করা হয়। মামলার বিবরণে বলা হয়, গত ৮ জুলাই এক চিঠিতে দুদক ডা. ফিরোজ, তার স্ত্রী ও তার ওপর নির্ভরশীলদের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ জমা দিতে বলে। ডা. ফিরোজের স্ত্রী ইমতিয়াজ বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। কিন্তু বর্ধিত সময়ের মধ্যেও সম্পত্তির হিসাব বিবরণ জমা দেওয়া হয়নি। এটা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মুফতি শহীদের বিরুদ্ধে রোববার মামলাটি দায়ের করেন মোহাম্মদপুর থানায়। এজাহারে শহীদের স্ত্রী নাদিরা বেগমের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৮ লাখ ৭৪ হাজার ৯৭ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়। সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জনের অভিযোগে ২১ নম্বর ওয়ার্ড কমিশনার মো. আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী শামীম আরা বেগমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. আক্তার হোসেন রোববার বাড্ডা থানায় মামলাটি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪, জরুরি ক্ষমতা বিধিমালা, ২০০৭ এবং দণ্ডবিধির ১০৯ ধারায় এ মামলা করা হয়। মামলার বিবরণে জানা যায়, আব্দুল কাইয়ুম গত ২৫ ফেব্র"য়ারি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। কিন্তু দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিন কোটি ৮২ লাখ ৫৮ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করেছেন। এছাড়া, জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিহীন ছয় কোটি এক লাখ চার হাজার ৭৫৪ টাকার সম্পদ অর্জন করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/ডিডি/এমএইচবি/০১৪৭ ঘ.