ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজউক যে পদ্ধতিতে র্যাংগস ভবন ভাঙছে তাকে ঝুঁকিপূর্ণ দাবি করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তারা অভিযোগ করেছেন, এর ফলে পুরো ভবনটিই ভেঙে পড়তে পারে।
এদিকে, র্যাংগস ভবনের ৬ তলার ওপরের অংশ ভাঙতে সোমবার দরপত্র আহ্বান করছে রাজউক। সংস্থার কর্মকর্তারা বলেছেন, দরদাতা ঠিক হলেই ভাঙার কাজ পুরোদমে শুরু হবে।
রোববার বিকেলে র্যাংগস ভবনের চারতলায় এক সংবাদ সম্মেলনে র্যাগস প্রোপার্টিজ এর নির্মাণ বিভাগের প্রধান প্রকৌশলী মনোয়ার হোসেন বলেন, "ভবনের ওপরের তলাগুলোর মেঝেতে এক সারি ছিদ্র করে ভাঙা ইট-কংক্রিট ছয় তলার ওপর ফেরার পরিকল্পনা করছে রাজউক। এতে পুরো ভবনের ভিত দুর্বল হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া ওপরে তারা যেভাবে ড্রিল চালাচ্ছে ও রড কাটছে তাতে ভিতের পিলার ক্ষতিগ্রস্ত হতে পারে।"
এ বিষয়ে অভিযোগ করার পরও রাজউক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন মনোয়ার হোসেন।
অবশ্য রাজউকের ম্যাজিস্ট্রেট ইমদাদুদ দস্তগীর এ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সারাদিন র্যাংগস ভবনে থাকলেও ভবন ভাঙার প্রক্রিয়া নিয়ে কেউ কিছু বলেননি। রাজউক চেয়ারম্যান বা অন্য কর্মকর্তাদেরও কিছু বলা হয়নি।"
মূল কাঠামোতে আঘাত না করায় ভবন ভাঙার প্রক্রিয়াকে রাজউক বিশেষজ্ঞরা ঝুঁকিপূর্ণ মনে করছেন না বলে দাবি করেন ইমদাদুদ দস্তগীর।
রোববার র্যাংগস ভবনের সংবাদ সম্মেলনে র্যাংকস টেলিকমের সহকারী মহা-ব্যবস্থাপক করিম ইকবাল ভুঁইয়া নোমান অভিযোগ করেন, তাদের প্রায় ২১০ কোটি টাকার যন্ত্রপাতি ছিল এই ভবনে। তড়িঘড়ি করে খোলার ফলে স্পর্শকাতর এ যন্ত্রপাতির বেশিরভাগই ব্যবহার অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, "গরুকে সবাই যেভাবে জবরদস্তি করে শুইয়ে জবাই করে, সেভাবে আমাদের যন্ত্রাংশগুলো খোলা হয়েছে।"
র্যাংগস আইটিটির চিফ অপারেটিং অফিসার তুহিন ইসলাম বলেন, "এ বিপর্যয়ের ফলে আমাদের ১২ থেকে ১৫ কোটি টাকার যন্ত্রাংশ নষ্ট হয়েছে। ব্যবসায়িক ক্ষতি এখনো হিসাব করা হয়নি। তাড়াহুড়া করে যন্ত্রাংশগুলো খুলে প্রতিস্থাপনের পর সেগুলোর ৪০ ভাগ কাজ করছে না।"
এদিকে, রাজউক চেয়ারম্যান কে এম হারুন রোববার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাংগস ভবনের ৬ তলার ওপরের অংশ ভাঙার জন্য সোমবার দরপত্র আহ্বান করছেন তারা।
তিনি বলেন, "রোববার দরপত্র সংক্রান্ত বিজ্ঞাপন ছাপানোর জন্য বিভিন্ন জাতীয় পত্রিকায় পাঠানো হয়েছে। আশা করছি আগামীকাল তা প্রকাশিত হবে।"
এ সম্পর্কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম রশিদুল হাই জানান, "র্যাংগস ভবন ভাঙার কাজের অগ্রগতি নিয়ে সোমবার রাজউক কর্মকর্তাদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। বিশাল ভবন হওয়ায় এটি ভাঙতে বড় অঙ্কের অর্থ ও আধুনিক প্রযুক্তির প্রয়োজন। তাই দরপত্র আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
রোববারও র্যাংগস ভবন ভাঙার কাজ চলছে পুরোদমে। সেখানে রাজউকের কর্মীদের সঙ্গে কাজ করছেন র্যাংগস গ্র"পের শ্রমিকরা।
দুপুরে গিয়ে দেখা যায়, শ্রমিকরা লিফট খুলছে। এছাড়া, মূল পরিকল্পনা অনুযায়ী সপ্তম তলা থেকে ওপরের প্রতি তলার মেঝেতে এক সারিতে ১০ বর্গফুট করে পাঁচটি বড় ছিদ্র করা হচ্ছে। এগুলো দিয়ে ভাঙা আবর্জনা ফেললে সরাসরি ছয়তলার ছাদে এসে পড়বে। পরে সেখান থেকে সেগুলো অপসারণ করা হবে।
ভাঙার অগ্রগতি সম্পর্কে ম্যাজিস্ট্রেট ইমদাদুদ দস্তগীর বলেন, "রোববার পর্যন্ত আমরা আটটি ফ্লোর ছিদ্র করেছি। বাকি আটটি তলায় সোমবার ছিদ্র করা হয়ে যাবে বলে আশা রাখি। "
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ইএইচবি/এএইচডি/জিএমএ/এসএনডি/এমএইচবি/২২৪৮ ঘ.
bdnews24