ঢাকা, ০৫ আগস্ট ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টি হলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে সরকার। তবে এ সত্ত্বেও বর্তমান পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হবে না। কারণ হিসেবে সরকার বলছে, এতে অহেতুক ভয়ভীতি সৃষ্টি হতে পারে। এ ছাড়া এখনই বিদেশি সাহায্যও চাওয়া হবে না। তবে কোন দেশ বা সংস্থা সাহায্য করতে চাইলে তা গ্রহণ করা হবে।
সরকারের পক্ষ থেকে রোববার বন্যা পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সাংবাদিককদের অবহিত করেন তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই অবহিতকরণ সভায় জানানো হয়, গত ১২ দিনে ৩৮টি জেলায় প্রায় ১৭ লাখ পরিবারের ৮০ লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ১২০ জন। কয়েকটি নদীর পানি কমলেও ২৬টি নদনদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে।
এখন থেকে প্রতিদিন বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাংবাদিকদের অবহিত করা হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই উপদেষ্টাই বলেন, বর্তমান পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হবে না। মইনুল হোসেন এ প্রসঙ্গে বলেন, অযথা ভয়ভীতি তৈরি করতে চাচ্ছি না। আমরা বিদেশি সাহায্যও চাচ্ছি না। তাই জাতীয় দুর্যোগ ঘোষণা করা হবে না। তবে কোন দেশ বা সংস্থা সাহায্য করতে চাইলে আমরা তা ফেরত দেব না। তিনি বলেন, আমরা না চাইলেও কিছু কিছু সাহায্য আসতে শুরু হয়েছে।
তিনি বলেন "সাহায্য নেওয়া হবে না এটা আমরা কোথাও বলিনি।"
ব্রিফিংয়ে জানানো হয়, পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন দূতাবাসের মাধ্যমে বিভিন্ন দেশ এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখছেন। সারা বিশ্বে বাংলাদেশের বন্ধু রয়েছে। তারা যথা সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।
বন্যাক্রান্ত যেসব এলাকায় রান্না করে খাওয়ার মত অবস্থা নেই সেখানে প্রয়োজন রান্না করা খাবার সরবরাহের জন্য স্থানীয় জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে উপদেষ্টারা জানান। এজন্য জেলা প্রশাসকদের নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। দুই উপদেষ্টা জানান, জেলা প্রশাসকদের স্থানীয় এনজিও এবং আগ্রহীদাতা সংস্থার সঙ্গে সমন্বয় করে ত্রান ও পুনর্বাসন কার্যক্রম চালানোর নির্দেশ দেয়া হয়েছে।
বন্যা পরিস্থিতি নিয়ে দুই উপদেষ্টার কথা বলার আগে সশস্ত্র বাহিনী বিভাগের লে.কর্নেল রাজ্জাক প্রজেক্টরের মাধ্যমে বন্যার ক্ষতি, দুর্গত মানুষের সংখ্যা, বিভিন্ন অববাহিকায় নদ-নদীর অবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণকৃত ত্রানসামগ্রীর পরিমাণ এবং বন্যার পূর্বাভাস সম্পর্কে বিস্তারিত জানান।
কর্নেল রাজ্জাক বলেন, প্রতিবেশী দেশের আসাম মেঘালয় রাজ্যের সব নদীর পানি কমছে। ওই পানি নেমে আসছে ভাটির দিকে। সাগরে নিুচাপের কারণে কাল ও পরশু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়ভাবে কমিটি গঠনের জন্য প্রধান উপদেষ্টার নির্দেশে উপদেষ্টা পরিষদের সদস্যরা শিগগিরই দুর্গত এলাকায় যাবেন বলে সভায় জানানো হয়। সেখানকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে দুযোর্গ মোকাবিলায় মাঠে নামবেন তারা। কোন উপদেষ্টা কোন এলাকায় যাবেন তা প্রধান উপদেষ্টা ঠিক করে দেবেন ।
রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার না করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব দল মতের মানুষের প্রতি উপদেষ্টারা আহবান জানিয়েছেন। দুজনেই বলেন, এখন রাজনীতির চেয়ে মানবিক বিষয়টি বড় করে দেখতে হবে। দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আইন কোন বাধা হয়ে দাড়াবে না।
ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই দুর্গতদের পাশে দাঁড়াবেন বলে আমাদের কথা দিয়েছেন।
দুর্গতদের সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের সংগঠন ড্যাব, বিএমএ, রেডক্রিসেন্টসহ সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান জানান দুই উপদেষ্টা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এমএইচবি/২০৫০ ঘ.
bdnews24