২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জব্দ করা অর্থ বন্যার্তদের সাহায্যে ব্যয় করুন: ড. কামাল

দুর্নীতির দায়ে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা অর্থ বন্যার্তদের সাহায্যে ব্যয় করার আহ্বান জানিয়েছেন গণফোরাম প্রধান ড. কামাল হোসেন। সেই সঙ্গে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বন্যা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার ডাক দেওয়ার জন্যও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা অর্থ বন্যার্তদের সাহায্যে ব্যয় করার আহ্বান জানিয়েছেন গণফোরাম প্রধান ড. কামাল হোসেন। সেই সঙ্গে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বন্যা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার ডাক দেওয়ার জন্যও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি । রোববার জাতীয় প্রেসক্লাবে 'সম্মিলিত নাগরিক উদ্যোগ' আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. কামাল বলেন, "আমরা জানি, সরকার দুর্নীতির দায়ে অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৬৫০ কোটি টাকা উদ্ধার করতে পেরেছে। এই অর্থ দেশের বন্যাদুর্গত মানুষের সাহায্যে বরাদ্দ দেওয়া যেতে পারে।" ড. কামাল বলেন, বানভাসি মানুষ অবর্ণনীয় দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। ঠিকমতো খাবার এমনকি পানিও পাচ্ছেন না তারা। দুর্গত এলাকার কৃষকদের মধ্যে আমন বীজ সরবরাহের পাশাপাশি বন্যার পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যাতে কৃষিঋণ পান সে বিষয়েও গুরুত্ব দেন তিনি। বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে আইনগত কোনো বাধা না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, "সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাইবান্ধা, বগুড়ার মতো ভয়াবহ বন্যাদুর্গত জেলাগুলোতে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কারো ভয় পাওয়া উচিৎ নয়।" তিনি আরো বলেন, "আমি সরকারে থাকলে জনগণকে এই নিশ্চয়তা দিতাম যে বন্যার্তদের সাহায্যের ইচ্ছে নিয়ে যে কেউ তাদের ইচ্ছামাফিক অর্থ ব্যয় করতে পারবেন।" যে কোনো দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার বিষয়টিকে আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ অভিহিত করে ড. কামাল বলেন, "১৯৭০ সালের নভেম্বরে ভয়ঙ্কর ঘুর্ণিঝড় আর জলোচ্ছাসের পর সেনাশাসনের মধ্যেও বাংলার সাহসী জনতা সম্মিলিতভাবে পরিস্থিতির মোকাবেলা করেছিল।" গণফোরাম প্রধান আরো বলেন, "দেশের এই দুর্যোগের মুহূর্তে কেউ রাজনৈতিক উচ্চাশা থেকে কিছু করবেন তা কোনোভাবেই কাম্য নয়। আর সেটা সম্মানজনকও হবে না।" মতাদর্শের ভেদাভেদ ভুলে সবাইকে দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এসকে/১৭৩১ ঘ.