ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বন্যা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বলেছেন, "বন্যা নিয়ে রাজনীতি একটি বিবেকবর্জিত কাজ।"
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বন্যা পরিস্থিতি দেখার অনুমতি দেওয়া হবে কি না- এ প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, "তার বন্যার্তদের দেখতে যাওয়ার ব্যাপারে কোনো বাধা নেই।"
রোববার মন্ত্রী পরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
ব্যারিস্টার মইনুল জানান, স্থানীয় পর্যায়ে অনিয়মের খবরে সরকার সমন্বিতভাবে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, বন্যা পরিস্থিতির মোকাবেলায় সরকার স্থানীয়ভাবে সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে উপদেষ্টারা জেলায় জেলায় গিয়ে বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে সমন্বয় কমিটি গঠন করবে।
বন্যার্তদের সাহায্যার্থে সব স্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, "বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার্ত মানুষ মানবেতর জীবন যাপন করছে। এ সময়ে রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৪১৪ ঘ.
bdnews24